শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘সাবা সাবা’ দিবসে উত্তাল কেনিয়া: বিক্ষোভে পুলিশ-জনতা সংঘর্ষ, নিহত অন্তত ১০

RNS News

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

‘সাবা সাবা’ দিবসে উত্তাল কেনিয়া: বিক্ষোভে পুলিশ-জনতা সংঘর্ষ, নিহত অন্তত ১০
ফাইল ছবি

কেনিয়ায় ঐতিহাসিক ‘সাবা সাবা’ দিবসে আয়োজিত সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ ও জনতার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, গতকাল সোমবারের এই ঘটনায় দেশজুড়ে আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে নিহতের সংখ্যা ১১ বলে উল্লেখ করা হয়েছে।

গতকাল সকাল থেকেই রাজধানী নাইরোবিসহ বিভিন্ন শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্নীতির অভিযোগ, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, পুলিশের বর্বরতা এবং দুর্বল প্রশাসনের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবি জানায়। নাইরোবির প্রধান সড়কগুলোতে টায়ার জ্বালিয়ে ও পাথর ছুড়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করে বিক্ষোভকারীরা। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং বলপ্রয়োগ করে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

কেনিয়ার ইতিহাসে ৭ই জুলাই, যা ‘সাবা সাবা’ (সোয়াহিলি ভাষায় সাত সাত) দিবস নামে পরিচিত, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৩৫ বছর আগে এই দিনেই একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণের দাবিতে প্রথম বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল, যার ফলে ১৯৯২ সালে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়।

এদিন নাইরোবির পরিস্থিতি ছিল থমথমে। শহরের কেন্দ্রস্থলে প্রবেশের প্রধান সড়কগুলো বন্ধ করে দেয় পুলিশ। সংসদ ভবন এবং প্রেসিডেন্টের কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে যাওয়ার রাস্তাও রেজর তার দিয়ে আটকে দেওয়া হয়। জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি ছাড়া সাধারণ পথচারীদেরও শহরে প্রবেশে বাধা দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন রবিবারেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, সরকার কোনো ধরনের সহিংস বিক্ষোভ সহ্য করবে না এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন থাকবে। তা সত্ত্বেও, সরকারি বাধা উপেক্ষা করে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেওয়ায় দিনভর নাইরোবিসহ বিভিন্ন শহরে সংঘর্ষ ও উত্তেজনার খবর পাওয়া গেছে। মানবাধিকার সংস্থাগুলো নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে।

 

সূত্র// আফ্রিকানিউজ