সোমবার, জানুয়ারী ১৯, ২০২৬
৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কোল্ডপ্লে কনসার্টে এক মুহূর্তের ভিডিও ভাইরাল, পদত্যাগ করতে বাধ্য হলেন মার্কিন সিইও

RNS News

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫, ০৩:০৭ এএম

কোল্ডপ্লে কনসার্টে এক মুহূর্তের ভিডিও ভাইরাল, পদত্যাগ করতে বাধ্য হলেন মার্কিন সিইও
ফাইল ছবি

জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে-র কনসার্টে এক নারী সহকর্মীকে জড়িয়ে ধরার মুহূর্ত ক্যামেরাবন্দী হয়ে ভাইরাল হওয়ার জেরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি সংস্থার প্রধান নির্বাহী (সিইও)। অ্যাস্ট্রোনমার (Astronomer) নামের ওই সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সিইও অ্যান্ডি বায়রনের পদত্যাগপত্র গ্রহণ করেছে পরিচালনা পর্ষদ।

 

ঘটনাটি ঘটে ম্যাসাচুসেটসের একটি কনসার্টে। সেখানে বড় পর্দায় (জাম্বো স্ক্রিন) এক পুরুষ ও নারীকে অন্তরঙ্গভাবে গান উপভোগ করতে দেখা যায়। কিন্তু ক্যামেরা নিজেদের দিকে তাক করা হয়েছে বুঝতে পেরেই তারা দ্রুত মুখ লুকানোর চেষ্টা করেন। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং কোটি কোটি মানুষ তা দেখে ফেলে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি, ভিডিওতে থাকা পুরুষ ব্যক্তিটি ছিলেন অ্যাস্ট্রোনমার সংস্থার বিবাহিত সিইও অ্যান্ডি বায়রন এবং নারী ছিলেন ওই সংস্থারই চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট।

 

ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই অ্যাস্ট্রোনমার কর্তৃপক্ষ একটি তদন্ত শুরু করে এবং সিইও-কে ছুটিতে পাঠায়। শনিবার সংস্থাটি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে এক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, "আমাদের সংস্থার পথচলার ভিত্তি হলো নির্দিষ্ট কিছু মূল্যবোধ ও সংস্কৃতি। আমরা আশা করি, আমাদের নেতারা আচরণ ও দায়বদ্ধতার ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখবেন। কিন্তু সম্প্রতি সেই মান রক্ষা করা হয়নি। সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নতুন সিইও খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে চিফ প্রোডাক্ট অফিসার দায়িত্ব পালন করবেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কোল্ডপ্লে-র প্রধান গায়ক ক্রিস মার্টিনও বিষয়টি নিয়ে মঞ্চ থেকে রসিকতা করে বলেন, "হয়তো তাদের মধ্যে কোনো গোপন সম্পর্ক আছে, অথবা তারা খুবই লাজুক।" এই ছোট্ট মুহূর্তটিই শেষ পর্যন্ত একজন শীর্ষ কর্মকর্তার কর্মজীবনের ইতি টেনে দিল।

 

---

বিবিসি