বুধবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প সুপ্রিম কোর্টের শুনানি প্রসঙ্গে বলেন, "আমি শুনেছি আজ আদালতে মামলাটি ভালোভাবেই এগিয়েছে।" তিনি এই মামলার ফলাফলের গুরুত্ব তুলে ধরে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "যদি আমরা এই মামলায় হেরে যাই, তবে তা আমাদের দেশের জন্য 'ধ্বংসাত্মক' হবে। অত্যন্ত ধ্বংসাত্মক। আমি মনে করি এটি আমাদের দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মামলা।" এর আগে, ট্রাম্প এই মামলাকে দেশের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য "আক্ষরিক অর্থেই, জীবন বা মৃত্যুর" সামিল বলে বর্ণনা করেছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার শুল্ক নীতির বৈশ্বিক প্রভাব সম্পর্কে এক অভূতপূর্ব দাবি করে বসেন। তিনি বলেন, "যদি আমি শুল্ক না বসাতাম, তবে পুরো বিশ্বই এক গভীর মন্দায় নিমজ্জিত হতো। কারণ, আপনারা জানেন, এটি (বাণিজ্য ঘাটতি) কেবল আমাদের বিরুদ্ধে হুমকি ছিল না। এটি ছিল সমগ্র বিশ্বের বিরুদ্ধে হুমকি। আমি এটা (শুল্ক আরোপ) বিশ্বের জন্য করেছি।"
ট্রাম্প বিশেষত চীনের ওপর আরোপিত শুল্ককে বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল করার জন্য 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, "আমি এই নিশ্চয়তা দিতে পারি: আমি যদি চীনের ওপর অবিলম্বে ১০০% শুল্ক না বসাতাম, তবে চুম্বক, এক বিশেষ ধরনের বিরল মৃত্তিকা ইত্যাদির কারণে পুরো বিশ্বই বন্ধ হয়ে যেত।" তিনি আরও যোগ করেন যে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার "অত্যন্ত সফল বৈঠক" শুল্ক আরোপ ছাড়া সম্ভব হতো না।
এই ঐতিহাসিক মামলাটির মূলে রয়েছে, ট্রাম্প কর্তৃক 'আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন' (আইইপিএ) ব্যবহার করে একতরফাভাবে বৈশ্বিক শুল্ক আরোপের সাংবিধানিক বৈধতা। শুল্কের বিরোধিতাকারীরা যুক্তি দিচ্ছেন, এই আইনটি প্রেসিডেন্টকে এমন ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা দেয় না, যা মূলত কংগ্রেসের এখতিয়ারভুক্ত। তবে ট্রাম্প প্রশাসন বরাবরই দাবি করে আসছে যে, তাদের আরোপিত শুল্ক সম্পূর্ণরূপে আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল।
যদি সুপ্রিম কোর্ট ট্রাম্পের যুক্তির বিপক্ষে রায় দেন, তবে প্রেসিডেন্ট ভবিষ্যতে শুল্ক আরোপের জন্য আইইপিএ আইনটি আর ব্যবহার করতে পারবেন না। উল্লেখ্য, এই শুল্ক প্রথমে অনেক দেশের জন্য ১০% থেকে শুরু হলেও, পরবর্তীকালে ব্রাজিল এবং ভারতের মতো দেশের বেশিরভাগ পণ্যের ওপর তা ৫০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত, মার্কিন যুক্তরাষ্ট্র এই শুল্ক খাত থেকে ১৯৫ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে।