শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কলম্বিয়ায় যৌন হয়রানির সংবাদ প্রকাশে গণমাধ্যমের জয়

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫, ০৩:১৮ পিএম

কলম্বিয়ায় যৌন হয়রানির সংবাদ প্রকাশে গণমাধ্যমের জয়
ছবি: El Colombia

কলম্বিয়ার সাংবিধানিক আদালত একটি যুগান্তকারী রায়ে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘এল কলম্বিয়ানো’-এর পক্ষে অবস্থান নিয়েছে। মেডেলিন শহরের এক অর্থোপেডিক সার্জনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় পত্রিকাটির ওপর যে আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা বাতিল করেছে দেশটির সর্বোচ্চ আদালত।

 

আদালত তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়েছে, পূর্ববর্তী বিচারিক প্রক্রিয়ায় নারীদের প্রতি সংবেদনশীলতা বা ‘জেন্ডার পারসপেক্টিভ’-এর অভাব ছিল এবং জনস্বার্থে এই ধরনের সংবাদ প্রকাশ সাংবিধানিক অধিকারের অন্তর্ভুক্ত। ঘটনার সূত্রপাত হয় ২০২৪ সালের ৩১ অক্টোবর, যখন পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে।

 

সেখানে ‘লরা’ ও ‘তাতিয়ানা’ (সুরক্ষার স্বার্থে ব্যবহৃত ছদ্মনাম) নামের দুই তরুণী অভিযোগ করেন যে, কর্মক্ষেত্রে ওই চিকিৎসক তাঁদের কুপ্রস্তাব দেন এবং আপত্তিকর আচরণ করেন। ভুক্তভোগীরা জানান, ক্লিনিক কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরও তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং চিকিৎসকের পক্ষাবলম্বন করে।

 

এই প্রতিবেদন প্রকাশের পর অভিযুক্ত চিকিৎসক আদালতের দ্বারস্থ হন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মেডেলিন ও অ্যান্টিওকিয়ার স্থানীয় আদালত পত্রিকাটিকে প্রতিবেদনটি সরিয়ে ফেলার এবং ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়। তবে সাংবিধানিক আদালত সেই আদেশগুলোকে ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

 

বিচারক ভ্লাদিমির ফার্নান্দেজ আন্দ্রেদের উপস্থাপিত রায়ে বলা হয়, নিম্ন আদালত এই মামলায় নারীর প্রতি কাঠামোগত বৈষম্য ও সহিংসতার প্রেক্ষাপট বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। আদালত উল্লেখ করে, ভুক্তভোগী নারীরা বিচার পাওয়ার আশায় সংবাদমাধ্যমের কাছে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন, যা তাঁদের বৈধ অধিকার। সাংবাদিকরা এক্ষেত্রে সত্যতা ও নিরপেক্ষতার মানদণ্ড বজায় রেখেই সংবাদটি প্রকাশ করেছেন।

 

অভিযুক্ত চিকিৎসক এমন কোনো প্রমাণ দিতে পারেননি যা সংবাদে প্রকাশিত তথ্যকে মিথ্যা প্রমাণ করে। আদালত আরও গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ দিয়েছে যা সংবাদপত্রের স্বাধীনতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রায়ে বলা হয়, অভিযুক্ত চিকিৎসকের ব্যক্তিগত গোপনীয়তা বা সম্মানের চেয়ে জনস্বার্থ এবং নারীর সুরক্ষা নিশ্চিত করা অনেক বেশি জরুরি।

 

যেহেতু প্রতিবেদনটি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে প্রকাশ করা হয়েছে, তাই একে সেন্সর করা বা আটকে দেওয়া সংবিধানের পরিপন্থী। সাংবাদিকতার স্বাধীনতা এবং ভুক্তভোগীর অভিযোগ করার অধিকার-উভয়ই এক্ষেত্রে সুরক্ষা পাওয়ার যোগ্য। বর্তমানে ওই চিকিৎসকের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকলেও তদন্ত প্রক্রিয়ার ধীরগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগীদের আইনজীবী।

 

তবে সাংবিধানিক আদালতের এই রায় কলম্বিয়ায় নারী অধিকার ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য একটি ঐতিহাসিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। ‘এল কলম্বিয়ানো’ পত্রিকা আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে যেকোনো ধরনের বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে নির্যাতিত নারীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 

- El Colombia No