গত ২৯শে জুন, পার্থ থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত একটি ছোট শহর যেখানে শেষবার দেখা গিয়েছিল ক্যারোলিনাকে। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পরিবার ও বন্ধুরা পুলিশকে জানায়। তার ব্যবহৃত মিৎসুবিশি ভ্যানটি বৃহস্পতিবার কারাউন হিল নামক একটি প্রত্যন্ত স্থান থেকে পরিত্যক্ত এবং কাদায় আটকে থাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গাড়িটি যান্ত্রিকভাবে বিকল হয়ে আটকে গেলে ক্যারোলিনা আতঙ্কিত হয়ে পড়েন। মাত্র একদিন গাড়িতে অপেক্ষা করার পর, সামান্য কিছু খাবার ও জল নিয়ে সাহায্যের খোঁজে পশ্চিম দিকে হাঁটতে শুরু করেন তিনি।
এরপর ১১টি রাত তিনি প্রতিকূল প্রকৃতির সঙ্গে একাই লড়েছেন। রাতের তাপমাত্রা শূন্য ডিগ্রিতে নেমে আসছিল, সঙ্গে ছিল ভারী বৃষ্টি এবং মশার উপদ্রব। পুলিশ ইন্সপেক্টর মার্টিন গ্লিন বলেন, "সেখানে মশার দল তাকে ছিঁড়ে খাচ্ছিল। এই প্রতিকূল পরিবেশে তার বেঁচে ফেরাটা সাহসিকতার এক অবিশ্বাস্য নিদর্শন। ক্যারোলিনা নিজেই বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। পুলিশের মতে, "তিনি মানসিকভাবে ধরে নিয়েছিলেন যে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু 'নিছক ভাগ্যক্রমে' ১১ দিন পর, শুক্রবার বিকেলে তিনি একটি রাস্তার দেখা পান এবং পাশ দিয়ে যাওয়া একটি গাড়িকে থামানোর জন্য ইশারা করেন। গাড়ির চালক সেই নারী তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন। নিজের গাড়ি থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে তাকে পাওয়া যায়।
এই অবিশ্বাস্য উদ্ধারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক। তিনি বলেন, "এই খবরটি অসাধারণ কিছু। ক্যারোলিনা নিরাপদে আছেন জেনে আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি।" এই ভয়াবহ অভিজ্ঞতার পরেও অস্ট্রেলিয়া ভ্রমণের ইচ্ছা হারাননি ক্যারোলিনা। হাসপাতাল থেকে ছাড়া পেলে তিনি তার অসমাপ্ত যাত্রা আবারও শুরু করতে চান।
---