শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিডনিতে শপিং সেন্টারে তুলকালাম, চাপাতি হাতে এগিয়ে আসায় যুবককে গুলি পুলিশের

RNS News

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫, ০২:০৭ এএম

সিডনিতে শপিং সেন্টারে তুলকালাম, চাপাতি হাতে এগিয়ে আসায় যুবককে গুলি পুলিশের
ফাইল ছবি

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিং সেন্টারের কার পার্কিংয়ে স্ত্রীর মারামারির মধ্যে ধারালো চাপাতি হাতে এগিয়ে যাওয়ায় পুলিশের গুলিতে ২৯ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আত্মরক্ষার্থে এবং অন্যদের বাঁচাতে তারা গুলি চালাতে বাধ্য হয়েছিল। শনিবার বিকেলে সিডনির মাউন্ট ড্রুইটের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, পার্কিং লটে ছয়জন নারীর মধ্যে হঠাৎ করেই মারামারি শুরু হয়, যাদের মধ্যে নিহত যুবকের স্ত্রীও ছিলেন। এই নারীরা একে অপরকে আগে থেকে চিনতেন না।

 

সহকারী পুলিশ কমিশনার গ্যাভিন উড জানান, ঝগড়ার এক পর্যায়ে ওই যুবক তার গাড়ি থেকে প্রায় ৫০ সেন্টিমিটার লম্বা একটি ধারালো চাপাতি নিয়ে নারীদের দিকে এগিয়ে যেতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা তাকে বারবার চাপাতি ফেলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করে এগিয়ে যেতে থাকলে পুলিশ সদস্যরা নিজেদের এবং ওই নারীদের মাঝে অবস্থান নেন। এরপরই একজন পুলিশ কর্মকর্তা গুলি চালান।

 

গ্যাভিন উড বলেন, "আমি সিসিটিভি এবং পুলিশ কর্মকর্তাদের বডি-ক্যামেরার ফুটেজ দেখেছি। অফিসারদের পদক্ষেপে আমি সন্তুষ্ট। তাদের এই পদক্ষেপ ছিল সাহসী এবং প্রশংসনীয়।" তিনি আরও বলেন, "ওই পুলিশ কর্মকর্তারা গতকাল কাজে এসে ভাবেননি যে তাদের কাউকে গুলি করতে হবে। পুলিশের গুলিতে নিহত ওই যুবক দুই সন্তানের জনক ছিলেন। তার তেমন কোনো অপরাধমূলক রেকর্ড বা কোনো গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা ছিল না। এই ঘটনাটিকে একটি 'ক্রিটিক্যাল ইনসিডেন্ট' হিসেবে ঘোষণা করা হয়েছে এবং হোমিসাইড স্কোয়াড এর তদন্ত শুরু করেছে। নিহত ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। ঝগড়ায় লিপ্ত অন্য নারীদের ভূমিকাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

---

গার্ডিয়ান