অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যে সাবেক জামাতাকে গুলি করে হত্যার দায়ে দণ্ডিত এক বয়স্ক দম্পতির আপিল খারিজ করে দিয়েছে দেশটির ফৌজদারি আপিল আদালত। এর ফলে, সেড্রিক এবং নোয়েলিন জর্ডান নামের এই দম্পতির ২২ বছরের কারাদণ্ড বহাল থাকল।
২০০৯ সালে ৩৬ বছর বয়সী শেন জিওফ্রে বার্কারকে তাঁর নিজের বাড়িতে চারবার গুলি করে হত্যা করা হয়। ঘটনার প্রায় ১১ বছর পর, ২০২০ সালে, বার্কারের সাবেক শ্বশুর-শাশুড়ি সেড্রিক ও নোয়েলিনকে গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালে এক দীর্ঘ বিচারের পর জুরি বোর্ড তাদের দোষী সাব্যস্ত করে। প্রসিকিউশনের দাবি ছিল, নিজেদের মেয়ে এবং নাতনির জীবন থেকে বার্কারকে সরাতেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল।
এই রায়ের বিরুদ্ধে দম্পতি আপিল করে জানায় যে, রায়টি ‘ত্রুটিপূর্ণ’ এবং অন্য কেউ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। কিন্তু মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর), আপিল আদালত সর্বসম্মতিক্রমে তাদের আবেদন খারিজ করে দেয়। বিচারপতি স্টিফেন এসকর্ট তাঁর রায়ে বলেন, “আবেদনকারীদের দোষী হওয়ার বিষয়ে যুক্তিসঙ্গত সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই” এবং “বিচারে কোনো ভুল হয়নি।”
আপিল আদালতের এই চূড়ান্ত রায়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার অন্যতম আলোচিত একটি ‘কোল্ড কেস’-এর আইনগত প্রক্রিয়ার সমাপ্তি ঘটল। হত্যাকাণ্ডের বহু বছর পর এক বয়স্ক দম্পতির এমন নৃশংস অপরাধে দণ্ডিত হওয়ার ঘটনাটি দেশটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।