স্থানীয় পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে ম্যাককে রিং রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহত তিন তরুণ-তরুণী (দুজন তরুণ ও একজন তরুণী) একটি গাড়িতে করে দক্ষিণ দিকে যাচ্ছিলেন। পথে তারা সামনে থাকা একটি বড় সেমি-ট্রেইলারকে ওভারটেক করার চেষ্টা করেন। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ওভারটেক করার সময় তাদের গাড়িটি সড়কের ভুল লেনে অর্থাৎ উত্তরমুখী লেনে ঢুকে পড়ে। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি ‘গ্রেট ওয়াল ক্যানন’ ইউটিলিটি ভেহিকেলের (ইউটি) সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই তিন তরুণের মৃত্যু হয়।
দুর্ঘটনায় ইউটি গাড়িটির ২৯ বছর বয়সী চালক গুরুতর আহত হয়েছেন। জরুরি পরিষেবা কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এই দুর্ঘটনার সময় কাছাকাছি থাকা আরও দুটি গাড়ি অল্পের জন্য রক্ষা পেয়েছে। সংঘর্ষ এড়াতে একটি ‘ইসাজু ডি-ম্যাক্স’ গাড়ি রাস্তা থেকে ছিটকে বাইরে চলে যায়, তবে এর যাত্রীরা অক্ষত ছিলেন। সেমি-ট্রেইলারটির ৬৮ বছর বয়সী চালকও কোনো আঘাত পাননি। একই দুর্ঘটনায় সম্ভাবনাময় তিনটি তরুণ প্রাণের ঝরে যাওয়ায় স্থানীয় কমিউনিটিতে বিষাদের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
---