সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেলবোর্নে পথচারীকে ছুরিকাঘাত, ‘জননিরাপত্তার জন্য চরম ঝুঁকি’ বিবেচনায় অভিযুক্ত নারীর জামিন নামঞ্জুর

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫, ০৯:১৬ পিএম

মেলবোর্নে পথচারীকে ছুরিকাঘাত, ‘জননিরাপত্তার জন্য চরম ঝুঁকি’ বিবেচনায় অভিযুক্ত নারীর জামিন নামঞ্জুর
ছবি: ABC News

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের কেন্দ্রস্থলে এক পথচারী নারীকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত লরেন দারুল নামের এক নারীর জামিন আবেদন খারিজ করে দিয়েছে স্থানীয় আদালত। ভুক্তভোগী ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য অভিযুক্তকে ‘চরম ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করে ম্যাজিস্ট্রেট এই রায় দিয়েছেন।

 

গত ২ অক্টোবর সকালে মেলবোর্ন সিবিডি এলাকার ফুটপাতে এই হামলার ঘটনা ঘটে। আদালতে প্রদর্শিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওয়ান লাই নামের এক নারী তাঁর কর্মস্থলে যাওয়ার পথে হঠাৎ হামলার শিকার হন। অভিযুক্ত ৩২ বছর বয়সী লরেন দারুল সম্পূর্ণ বিনা প্ররোচনায় ওই নারীর ওপর ঝাঁপিয়ে পড়েন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের হাতে সে সময় একটি ১০ সেন্টিমিটার লম্বা রান্নাঘরের ছুরি এবং একটি সকার বল ছিল।

 

হামলার পর তিনি ঘটনাস্থল ত্যাগ করেন এবং পরবর্তীতে একটি কমিউনিটি হাউজিংয়ের ফয়ারা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় পুলিশের টেজার গানের (বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র) মুখে তিনি হাতের ছুরিটি ফেলে দেন। বুধবার আদালতে শুনানিকালে ডেপুটি চিফ ম্যাজিস্ট্রেট টিম বার্ক জানান, অভিযুক্ত লরেন দারুলের জটিল মানসিক অসুস্থতা এবং মাদকাসক্তির ইতিহাস রয়েছে।

 

তবে অতীতে তাকে বিভিন্ন সহায়তা বা সাপোর্ট সার্ভিসের আওতায় আনা হলেও তাতে কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি। আদালতের জন্য সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ইতিপূর্বে জামিনে থাকাকালে আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে ১৬টি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। বিচারক মন্তব্য করেন, অভিযুক্তের অতীত আচরণ প্রমাণ করে যে তিনি পলাতক স্বভাবের এবং এমতাবস্থায় তাঁকে মুক্তি দেওয়া হলে তা জননিরাপত্তার জন্য ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ তৈরি করবে।

 

আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, লরেন দারুলের আচরণ দিন দিন সহিংস হয়ে উঠছিল। আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালে তাকে ‘রেজিস্টার্ড সেক্স অফেন্ডার’ বা তালিকাভুক্ত যৌন অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এছাড়া তাঁর বিরুদ্ধে এর আগে নকল আগ্নেয়াস্ত্র বহন, ১০ বছরের এক শিশুর মুখে থুথু দেওয়া এবং অন্য এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঁচড়ানোর অভিযোগও রয়েছে।

 

ভুক্তভোগী নারী এই ঘটনায় এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন যে, অভিযুক্ত জামিন পেতে পারেন-এই ভয়ে তিনি নিজের বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। পুলিশ কনস্টেবল ড্যামিয়েন এলিয়ট আদালতকে বলেন, কোনো আর্থিক বা ব্যক্তিগত কারণ ছাড়াই এই হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত ভীতিজনক। অভিযুক্তের আইনজীবী অ্যাশলি ম্যাকফেইল আদালতে যুক্তি দেন যে, জামিন না পেলে তাঁর মক্কেল আবারও গৃহহীন হয়ে পড়বেন এবং তাঁর মানসিক স্বাস্থ্যের আরও অবনতি হবে।

 

ভিডিও লিংকের মাধ্যমে শুনানিতে যুক্ত হয়ে লরেন দারুল হাত নেড়ে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানান। তবে পুলিশ তাঁর জামিনের তীব্র বিরোধিতা করে জানায়, এই হামলাটি ছিল সম্পূর্ণ উদ্দেশ্যহীন বা ‘র‍্যান্ডম’, যা সমাজের যেকোনো মানুষের জন্য বিপদের কারণ হতে পারে। উভয় পক্ষের যুক্তি শোনার পর আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আগামী জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

 

- ABC News