শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দাবানলে ছাই ‘ক্যাটম্যান’-এর স্বপ্নের সংগ্রহশালা, অলৌকিকভাবে রক্ষা পেল বসতবাড়ি

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৩ পিএম

দাবানলে ছাই ‘ক্যাটম্যান’-এর স্বপ্নের সংগ্রহশালা, অলৌকিকভাবে রক্ষা পেল বসতবাড়ি
ছবি: ABC News

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মাউন্ট আলেকজান্ডার এলাকায় ভয়াবহ দাবানলে নিজের সযত্নে গড়ে তোলা ‘ক্যাট-কেভ’ বা স্মারক সংগ্রহশালা হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ট্রয় ওয়েস্ট, যিনি স্থানীয়ভাবে ‘ক্যাটম্যান’ নামেই বেশি পরিচিত। জিলং ক্যাটস (Geelong Cats) ফুটবল দলের এই কট্টর সমর্থক প্রথমে ভেবেছিলেন আগুন তাঁর বাড়ি স্পর্শ করবে না, কিন্তু বাতাসের গতিপথ বদলে আগুনের লেলিহান শিখা তাঁর সম্পত্তির দিকে ধেয়ে আসে।

 

প্রাণ বাঁচাতে তিনি দ্রুত বেন্ডিগোতে পরিবারের কাছে আশ্রয় নেন। শনিবার সকালে ফিরে এসে দেখেন, বন্ধুদের সাহসিকতায় ছাদের ওপর বসানো পানিসেচ ব্যবস্থার কারণে তাঁর মূল বাসভবনটি ‘ভয়াবহ’ ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছে। কিন্তু তাঁর জিম, একাধিক বড় শেড এবং জিলং ক্যাটস দলের স্মৃতিবিজড়িত অমূল্য সব স্মারক দিয়ে সাজানো ‘ক্যাট-কেভ’ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

 

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাঁর ভাগ্নিদের জন্য জমানো পারিবারিক ভিডিওগুলোও। ট্রয় জানান, এই জায়গাটি ছিল তাঁর ‘শান্তির নীড়’ বা পিস প্যালেস, যেখানে তিনি মানসিক প্রশান্তি খুঁজতেন; আজ তা শুধুই টিন আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

 

ওষুধ নিতে ফিরে এসে তিনি দেখেন, পুরো এলাকা বিদ্যুৎ ও পানিহীন হয়ে পড়েছে এবং চারপাশের আধপোড়া গাছগুলো যেকোনো সময় ভেঙে পড়ার মতো বিপজ্জনক অবস্থায় রয়েছে। জরুরি বিভাগ জানিয়েছে, রেভেন্সউড ও হারকোর্ট এলাকায় এই দাবানলে অন্তত ৫০টি স্থাপনা ধ্বংস হয়েছে।

 

- ABC News