মঙ্গলবার, জানুয়ারী ২০, ২০২৬
৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, ১৯ নিহত, ১৬৪ জন আহত; চলছে উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, ১৯ নিহত, ১৬৪ জন আহত; চলছে উদ্ধার অভিযান
ছবি: সংগৃহীত

আজ (সোমবার) দুপুরে ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান আকস্মিক দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় বিমানের বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বেলা ১টা ৬ মিনিটে কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে বিমানটি উড্ডয়ন করে। এরপরই এটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়, যার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে। বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করলেও, দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজের দোতলা একটি ভবনে বিধ্বস্ত হয়।

 

দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত বিমান বাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের সাহায্যে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা ও সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে।

বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায়, সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে উপস্থিত আছেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগসহ সামরিক বাহিনীর এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

বর্তমানে সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এই দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য বিমান বাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।