রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছে চতুর্থ শ্রেণির ছাত্রী রাফসি আক্তার রাফিয়া। বর্তমানে সে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটি দুর্ঘটনার আকস্মিকতায় এতটাই আতঙ্কিত যে, সে কেবল 'খালপাড় ২ নম্বর ব্রিজ' ছাড়া আর কিছুই বলতে পারছে না।
সোমবার বিকেলে এক গণমাধ্যমকর্মী ফেসবুক পোস্টে এই হৃদয়বিদারক খবরটি জানান, যেখানে তিনি রাফিয়ার পরিচয় তুলে ধরে তার মা-বাবার কাছে খবরটি পৌঁছানোর জন্য সবার সহায়তা চেয়েছেন।
আজ দুপুর ১টার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই বিমান ও স্কুল ভবনে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ভবনটিতে বহু স্কুল শিক্ষার্থী ছিল, যাদের অনেকেই হতাহত হয়েছে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, বিজিবি ও সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। রাফিয়ার মতো আরও অনেক শিশু ও শিক্ষার্থী এই দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।