ভারতীয় বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় তারকা মালাইকা অরোরা সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবন ও পোশাক-পরিচ্ছদ নিয়ে ক্রমাগত সমালোচনার বিষয়ে মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রায়শই তাঁর কাজ বা ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত বিষয়গুলো নিয়েই মানুষ তাঁকে বিচার করে, যা নিয়ে তিনি এখন আর ব্যথিত নন।
মালাইকা বলেন, “আমার কী পরা উচিত বা কার সঙ্গে সম্পর্কে থাকা উচিত, সবকিছু নিয়েই মানুষ উপদেশ দেয় এবং বিচার করতে বসে যায়।” তিনি আরও যোগ করেন, এই অবিরাম সমালোচনার মুখে তিনি নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করে দিয়েছেন। তাঁর ভাষায়, “যেদিন থেকে আমি নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করেছি, সেদিনই প্রকৃত মুক্তি পেয়েছি।”
একসময় তাঁকে ‘অতিরিক্ত সাহসী’ বা ‘স্পষ্টভাষী’ বলা হলেও, এখন তিনি এই বিশেষণগুলোকে নিজের শক্তি হিসেবেই দেখেন। মালাইকা দৃঢ়তার সঙ্গে বলেন, “আমি যদি কারও জন্য ‘খুব বেশি’ হয়ে থাকি, তাহলে হয়তো তারাই আমার জন্য যথেষ্ট নয়।”
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ এবং পরে অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক—সবকিছু নিয়েই মালাইকাকে দীর্ঘ সময় ধরে গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে থাকতে হয়েছে। তাঁর এই বক্তব্য বিনোদন জগতে নারী তারকাদের প্রতি সমাজের ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং তাঁদের ব্যক্তিজীবন নিয়ে অতিরিক্ত চর্চার বিষয়টিকে আরও একবার সামনে নিয়ে এল।