এবার জানা গেল এই সিনেমার সবচেয়ে বড় চমক। জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ওপার বাংলার বর্তমান সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী ইধিকা পাল। নির্মাতার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, চলতি সপ্তাহেই এই দুই তারকার মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। সব ঠিক থাকলে বড় পর্দায় এই প্রথম দর্শকরা সিয়াম-ইধিকা জুটির রসায়ন উপভোগ করতে পারবেন।
ঢালিউড এবং টলিউড-উভয় ইন্ডাস্ট্রিতেই এখন ইধিকা পাল এক পরিচিত নাম। শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই সিনেমার অভাবনীয় সাফল্যের পর তিনি শাকিবের সঙ্গে ‘বরবাদ’ এবং হাসিবুর রেজার পরিচালনায় ‘কবি’ সিনেমায় যুক্ত হন। এছাড়া ওপার বাংলায় সুপারস্টার দেবের বিপরীতে ‘খাদান’ ও ‘রঘু ডাকাত’ সিনেমায় অভিনয় করে তিনি নিজের অবস্থান আরও শক্ত করেছেন।
অন্যদিকে, সিয়াম আহমেদ তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জংলি’-র মাধ্যমে বক্স অফিসে নিজের আধিপত্য বজায় রেখেছেন। ‘পোড়ামন ২’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকে তিনি বাণিজ্যিক এবং গল্পনির্ভর-উভয় ধারার সিনেমাতেই নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। দুই ভুবনের এই দুই তারকার সম্মিলন নিঃসন্দেহে বাংলা সিনেমায় নতুন এক মাত্রা যোগ করবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তামিম রহমান পরিচালিত ‘সিকান্দার’ সিনেমায় সিয়াম ও ইধিকার একসাথে কাজ করার কথা শোনা গিয়েছিল। কিন্তু নানাবিধ কারণে সেই প্রকল্পটি আর আলোর মুখ দেখেনি। ফলে ‘রাক্ষস’-ই হতে যাচ্ছে এই জুটির প্রথম আনুষ্ঠানিক কাজ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটির নির্মাণশৈলী হবে আন্তর্জাতিক মানের। চলতি মাসেই রাজধানী ঢাকায় শুরু হবে এর দৃশ্যধারণের কাজ।
এরপর গল্পের প্রয়োজনে এবং অ্যাকশন দৃশ্যের নান্দনিকতা ফুটিয়ে তুলতে পুরো ইউনিট উড়াল দেবে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক লোকেশনে চিত্রায়ণের মাধ্যমে সিনেমাটিকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। যদিও সিনেমাটির পরিচালক মেহেদী হাসান এবং নায়ক সিয়াম আহমেদ এখনই এ বিষয়ে গণমাধ্যমে মুখ খুলতে নারাজ, তবে ভেতরের খবর হলো আগামী দুই সপ্তাহের মধ্যেই ক্যামেরা রোলিং শুরু হবে।
নির্মাতা ও প্রযোজনা সংস্থা অত্যন্ত গোপনীয়তার সঙ্গেই প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে নিচ্ছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিয়াম ও ইধিকার নতুন এই রসায়ন দেখার জন্য।