দর্শকদের জন্য এই দুই তারকার একফ্রেমে আসা ছিল অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ। ইধিকা জানান, যার সিনেমা ও গান দেখে তিনি বড় হয়েছেন, সেই কিংবদন্তি অভিনেতার সঙ্গে এক মঞ্চে দাঁড়ানো ছিল তাঁর জন্য এক ‘অবাস্তব’ ও অসাধারণ অভিজ্ঞতা। অনুষ্ঠানে কেবল মঞ্চ শেয়ার করাই নয়, গোবিন্দর কালজয়ী গানের তালে পা-ও মিলিয়েছেন তিনি।
আলাপচারিতার এক ফাঁকে গোবিন্দ ইধিকার ভাইরাল হওয়া গান ‘কিশোরী’র ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কাজের জন্য শুভকামনা জানান। প্রিয় তারকার মুখে নিজের কাজের প্রশংসা শুনে কাজের প্রতি উৎসাহ বহুগুণ বেড়ে গেছে বলে জানান ইধিকা।
উল্লেখ্য, ‘খাদান’ সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই সম্প্রতি দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ ছবিতে ইধিকার সাবলীল অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। টলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেওয়া এই অভিনেত্রী আপাতত নতুন কোনো সিনেমার ঘোষণা না দিলেও বিভিন্ন স্টেজ শো এবং ইভেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন।