ইউক্রেনের রাজধানী কিয়েভে নিজেদের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার প্রতিশোধ নেওয়ার দাবি করেছে দেশটির নিরাপত্তা সংস্থা (SBU)। রবিবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তারা রাশিয়ার গোয়েন্দা সংস্থা FSB-এর একটি গুপ্তচর সেলকে নির্মূল করেছে, যারা গত সপ্তাহে কর্নেল ইভান ভোরোনিচকে হত্যার জন্য দায়ী ছিল। SBU টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, "আজ সকালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাশিয়ার FSB-এর এজেন্ট সেলের সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে তাদের নির্মূল করা হয়।" সংস্থাটি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দুটি মৃতদেহ দেখা গেছে। তবে ঠিক কতজন এজেন্টকে হত্যা করা হয়েছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।
গত বৃহস্পতিবার, ১০ই জুলাই, কিয়েভে দিনের আলোতে কর্নেল ইভান ভোরোনিচকে গুলি করে হত্যা করা হয়, যিনি নিজেও SBU-এর একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্নেল ভোরোনিচ রাশিয়ার দখলকৃত অঞ্চলে একাধিক গোপন অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন এবং গত বছর রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের আকস্মিক হামলায় সহায়তা করেছিলেন। SBU-এর মতে, একজন পুরুষ ও একজন নারী এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। হত্যাকাণ্ডের পর তারা আত্মগোপন করার চেষ্টা করলেও SBU এবং পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে।
এই ঘটনা দুই দেশের মধ্যে চলমান গুপ্তহত্যার লড়াইকে আরও তীব্র করে তুলেছে। রাশিয়া তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।এদিকে, এই গুপ্তচরবৃত্তির উত্তেজনার পাশাপাশি ইউক্রেন জুড়ে রাশিয়ার সামরিক হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রবিবার রাতে রাশিয়া ৬০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে, যার মধ্যে ২০টি ভূপাতিত করা হয়েছে এবং ২০টিকে জ্যাম করে নিষ্ক্রিয় করা হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শনিবার থেকে দোনেৎস্ক ও খেরসন অঞ্চলে রুশ হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
---