স্পেনে চলমান ‘লা ভুয়েল্তা’ সাইক্লিং প্রতিযোগিতায় ইসরায়েলি দলের অংশগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ এবার নতুন মাত্রা পেয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রেসের ১৫তম পর্বে একজন বিক্ষোভকারী রেসের রাস্তায় ঢুকে পড়লে দুজন সাইক্লিস্ট দুর্ঘটনার শিকার হন। এর আগে, শনিবার হ্যাকাররা প্রতিযোগিতার রেডিও যোগাযোগ ব্যবস্থা দখল করে ফিলিস্তিনের সমর্থনে বার্তা ও গান প্রচার করে।
গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভকারীরা ‘ইসরায়েল-প্রিমিয়ার টেক’ দলটিকে প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছেন। স্পেনের পররাষ্ট্রমন্ত্রীসহ একাধিক মন্ত্রীও এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
প্রতিবাদের মুখে দলটি ইতোমধ্যে তাদের জার্সি থেকে ‘ইসরায়েল’ শব্দটি সরিয়ে ফেললেও, বিক্ষোভ থামেনি। প্রতিযোগিতার রাস্তার দুই পাশে ফিলিস্তিনি পতাকা এবং ‘গণহত্যা বন্ধ করো’, ‘ইসরায়েল খুনি’র মতো ব্যানার দেখা যাচ্ছে।
গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা তীব্রতর হচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর মাদ্রিদে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে আরও বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।