শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কড়া নিরাপত্তায় কোপেনহেগেনে ইইউ সম্মেলন, আলোচনায় ‘ড্রোন ওয়াল’!

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৫, ০৭:৫৬ এএম

কড়া নিরাপত্তায় কোপেনহেগেনে ইইউ সম্মেলন, আলোচনায় ‘ড্রোন ওয়াল’!
ছবি : BBC

ইউরোপজুড়ে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ এবং রহস্যজনক ড্রোন তৎপরতা নিয়ে ক্রমবর্ধমান আতঙ্কের মধ্যেই ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নেতাদের সম্মেলন। নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো শহর। সম্মেলনের মূল আলোচ্য বিষয় ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং রাশিয়ার ‘হাইব্রিড যুদ্ধের’ কৌশল মোকাবিলা করা।

 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পোল্যান্ড এবং এস্তোনিয়ার আকাশসীমায় রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ এবং ডেনমার্ক, জার্মানি, নরওয়েসহ বিভিন্ন দেশের বিমানবন্দরে রহস্যজনক ড্রোনের কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে। এর প্রতিক্রিয়ায় কোপেনহেগেন সম্মেলনকে কেন্দ্র করে শুক্রবার পর্যন্ত বেসামরিক ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। ডেনমার্ককে নিরাপত্তা সহায়তা দিতে জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ১০টি মিত্র দেশ অ্যান্টি-ড্রোন এবং নজরদারি সরঞ্জাম পাঠিয়েছে।

 

ইউরোপীয় নেতারা মনে করছেন, রাশিয়া সরাসরি যুদ্ধে না জড়ালেও ড্রোন ব্যবহার করে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে পরীক্ষা করছে এবং জনমনে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎস সম্মেলনের আগে বলেন, "আমরা হয়তো যুদ্ধে নেই, কিন্তু আমরা আর শান্তিতেও নেই। আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আরও অনেক কিছু করতে হবে।"

 

এই পরিস্থিতিতে ইউরোপের পূর্ব সীমান্ত বরাবর রাশিয়ার ড্রোন শনাক্ত, ট্র্যাক এবং ধ্বংস করার জন্য একটি বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা বা ‘ড্রোন ওয়াল’ তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন ইইউ নেতারা। তাদের মতে, সস্তা ড্রোনের মোকাবিলায় দামী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা টেকসই সমাধান নয়।

যদিও রাশিয়া এই সমস্ত অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে, ইউরোপীয় নেতারা মনে করছেন, রাশিয়ার হুমকি মোকাবিলার জন্য একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী প্রতিরক্ষা কৌশল গ্রহণ এখন সময়ের দাবি।

 

- BBC News