শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বাস ও বিজ্ঞানের মেলবন্ধন: চন্দ্রবিজয়ের বর্ষপূর্তিতে নভোচারীকে ফোন পোপের

RNS News

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫, ০১:০৭ এএম

বিশ্বাস ও বিজ্ঞানের মেলবন্ধন: চন্দ্রবিজয়ের বর্ষপূর্তিতে নভোচারীকে ফোন পোপের
ফাইল ছবি

চাঁদের মাটিতে মানুষের প্রথম পদার্পণের ৫৬তম বার্ষিকী উপলক্ষে এক অনন্য উপায়ে দিনটি স্মরণ করলেন পোপ চতুর্দশ লিও। গতকাল রবিবার তিনি ভ্যাটিকানের ঐতিহাসিক জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র (Observatory) পরিদর্শন করেন এবং অ্যাপোলো ১১ মিশনের কিংবদন্তি নভোচারী বাজ অলড্রিনকে ফোন করে শুভেচ্ছা জানান। এই উদ্যোগকে বিশ্বাস ও বিজ্ঞানের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন হিসেবে দেখা হচ্ছে। রবিবার ইতালির ক্যাসেল গ্যান্ডলফোতে অবস্থিত পোপের গ্রীষ্মকালীন আবাসে অ্যাঞ্জেলাস প্রার্থনা শেষে তিনি সরাসরি ভ্যাটিকান অবজারভেটরিতে যান। সেখানে তিনি কয়েক দশক ধরে মহাকাশ গবেষণায় ব্যবহৃত টেলিস্কোপগুলো ঘুরে দেখেন এবং অবজারভেটরির গ্রীষ্মকালীন স্কুলে অংশগ্রহণকারী জ্যোতির্বিদ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পোপ হিসেবে এটিই ছিল তার প্রথম অবজারভেটরি পরিদর্শন।

 

পরে, পোপ ৯৫ বছর বয়সী নভোচারী বাজ অলড্রিনকে ফোন করেন, যিনি ১৯৬৯ সালে নিল আর্মস্ট্রং ও মাইকেল কলিন্সের সঙ্গে ঐতিহাসিক চন্দ্রাভিযানে অংশ নিয়েছিলেন। ফোনালাপের পর পোপ তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লেখেন, "আজ সন্ধ্যায়, অ্যাপোলো ১১-এর চন্দ্রাভিযানের ৫৬ বছর পর, আমি নভোচারী বাজ অলড্রিনের সঙ্গে কথা বলেছি। আমরা একসাথে মানুষের উদ্ভাবনী শক্তির এক ঐতিহাসিক কৃতিত্বের স্মৃতিচারণ করেছি এবং সৃষ্টির রহস্য ও মহিমা নিয়ে গভীরভাবে চিন্তা করেছি।" এরপর পোপ নভোচারী অলড্রিন, তার পরিবার এবং সহযোগীদের আশীর্বাদ করেন।

 

ভ্যাটিকানের সঙ্গে মহাকাশ অভিযানের সম্পর্ক নতুন নয়। এর আগেও বিভিন্ন পোপ নভোচারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন। ১৯৬৯ সালে পোপ ষষ্ঠ পল চন্দ্রবিজয়ী নভোচারীদের "চাঁদের বিজেতা" হিসেবে অভিহিত করে একটি রেডিও বার্তা পাঠিয়েছিলেন। ২০১১ সালে, পোপ বেনেডিক্ট ষোড়শ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফোন করে নভোচারীদের সঙ্গে গ্রহের ভবিষ্যৎ ও পরিবেশগত ঝুঁকি নিয়ে কথা বলেন। পোপ চতুর্দশ লিওর এই উদ্যোগ ভ্যাটিকানের সেই ঐতিহ্যকেই  নিয়ে গেল, যা প্রমাণ করে যে বিজ্ঞান ও আধ্যাত্মিকতা উভয়ই মহাবিশ্বের অপার রহস্য উন্মোচনে একে অপরের পরিপূরক হতে পারে।

 

---

এপি নিউজ