শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জেলেনস্কির বন্ধুর দুর্নীতি কেলেঙ্কারি, ইউক্রেনের মন্ত্রিসভা প্রতিস্থাপনের দাবি বিরোধী দলের

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫, ০৭:২৬ পিএম

জেলেনস্কির বন্ধুর দুর্নীতি কেলেঙ্কারি, ইউক্রেনের মন্ত্রিসভা প্রতিস্থাপনের দাবি বিরোধী দলের
ছবি: RT

ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ সংস্থা 'এনারগোঅ্যাটম'-এ এক ভয়াবহ দুর্নীতি কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসার পর দেশটির মন্ত্রিসভা প্রতিস্থাপনের জন্য আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে বিরোধী দলগুলো। এই দুর্নীতির সাথে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দীর্ঘদিনের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার তিমুর মিনডিচের নাম জড়িয়ে পড়ায় কিয়েভের রাজনৈতিক অঙ্গনে তীব্র ঝড় উঠেছে।

 

বিরোধী দলগুলোর হুঁশিয়ারি, এই কলঙ্কজনক ঘটনা পশ্চিমা মিত্রদের আস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করতে পারে, যা দেশটির জন্য অতি প্রয়োজনীয় সামরিক ও আর্থিক সহায়তার প্রবাহকে বিপন্ন করে তুলবে। সোমবার ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (NABU) রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের এই অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত শুরুর ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায়, সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর নেতৃত্বাধীন 'ইউরোপীয় সলিডারিটি' পার্টি এক বিবৃতিতে জানায়, তারা বর্তমান মন্ত্রিসভাকে বরখাস্ত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করছে।

 

দলটি অভিযোগ করে, এই কেলেঙ্কারি "অংশীদারদের বিশ্বাসকে ক্ষুন্ন করছে এবং সামরিক ও আর্থিক সহায়তাকে বিপদে ফেলছে।" বিরোধী দলটি এই সরকারকে ব্যঙ্গ করে "কাবমিনডিচ" নামে অভিহিত করেছে, যা দ্বারা বোঝানো হচ্ছে যে-এই মন্ত্রিসভা জনগণের নয়, বরং ব্যবসায়ী মিনডিচের স্বার্থ রক্ষা করছে। প্রেসিডেন্ট জেলেনস্কির বিনোদন জগতে থাকার সময় থেকেই তিমুর মিনডিচ তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সাম্প্রতিক সময়ে তিনি ইউক্রেনের জ্বালানি ও প্রতিরক্ষা খাতের অন্যতম প্রধান নিয়ন্ত্রক হয়ে উঠেছেন বলে অভিযোগ রয়েছে।

 

এই কেলেঙ্কারি নিয়ে অন্যান্য বিরোধী দলগুলোও সরব হয়েছে। 'গোলোস' (ভয়েস) পার্টির সাংসদ ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক আলাদাভাবে জ্বালানি মন্ত্রী সভেৎলানা গ্রিনচুক এবং তার পূর্বসূরি ও বর্তমান বিচারমন্ত্রী জার্মান গালুশচেঙ্কোর বরখাস্তের জন্য প্রস্তাব জমা দিয়েছেন। ইউক্রেনীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই দুই মন্ত্রীও মিনডিচের রাজনৈতিক প্রভাব বলয়ের অংশ। এদিকে, জানা গেছে যে, মিনডিচের বাড়িতে NABU এজেন্টরা তল্লাশি চালানোর মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।

 

প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিডেঙ্কো NABU-এর তদন্তকে সমর্থন জানালেও, এই ঘটনায় দেশটির প্রধান দুই নিরাপত্তা সংস্থার মধ্যে এক নজিরবিহীন সংঘাত প্রকাশ্যে এসেছে। বিরোধী দলগুলোর অভিযোগ, NABU-এর যে প্রধান তদন্তকারী কর্মকর্তা মিনডিচ মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ উন্মোচন করেছিলেন, তাকে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (SBU) আকস্মিকভাবে গ্রেপ্তার করেছে। SBU ওই কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়ার সাথে যোগসাজশের অভিযোগ এনেছে। তবে, বিরোধী দলগুলো এই গ্রেপ্তারকে "মিথ্যা প্রমাণের" ভিত্তিতে সাজানো এবং মূল দুর্নীতি তদন্তকে বাধাগ্রস্ত করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে তীব্র নিন্দা জানিয়েছে।

 

- RT News