শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল ওয়ারশ

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৬, ০২:৫৫ পিএম

ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল ওয়ারশ
ছবি: AA

দক্ষিণ আমেরিকার দেশগুলোর বাণিজ্য জোট ‘মার্কোসুর’-এর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ব্যাপক বিক্ষোভ করেছেন হাজার হাজার কৃষক। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এই বিক্ষোভের ঠিক আগেই পোলিশ প্রেসিডেন্ট কারোল নাওরোকি কৃষক নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে মিলিত হন এবং তাঁদের দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

 

তবে ব্রাসেলসে অনুষ্ঠিত নীতিনির্ধারণী ভোটে পোল্যান্ডসহ কয়েকটি দেশের বিরোধিতা সত্ত্বেও ইইউ রাষ্ট্রদূতরা এই বিতর্কিত চুক্তিটি অনুমোদন করেছেন, যা পোলিশ কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। শুক্রবার সকালে হাজারো কৃষক ওয়ারশর কেন্দ্রস্থলে অবস্থিত ‘প্যালেস অফ কালচার অ্যান্ড সায়েন্স’-এর সামনে সমবেত হন। সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে অগ্রসর হন।

 

শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে ট্রাক্টর প্রবেশের অনুমতি না থাকায় কৃষকরা পায়ে হেঁটে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে স্লোগান দেন। তাঁদের অভিযোগ, এই চুক্তি বাস্তবায়িত হলে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ের মতো দেশগুলো থেকে সস্তা কৃষিপণ্য ইউরোপের বাজারে প্রবেশ করবে। দক্ষিণ আমেরিকার ওই দেশগুলোতে উৎপাদন খরচ কম এবং পরিবেশ ও শ্রম আইন ইউরোপের মতো কঠোর নয়। ফলে অসম প্রতিযোগিতার মুখে পড়ে পোলিশ কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়বে।

 

বিক্ষোভ শুরুর আগেই প্রেসিডেন্ট প্রাসাদে কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট কারোল নাওরোকি। তিনি কৃষকদের আশ্বস্ত করে বলেন যে, তিনি তাঁদের উদ্বেগের বিষয়গুলো গভীরভাবে অনুধাবন করছেন এবং জাতীয় স্বার্থবিরোধী এই চুক্তির বিপক্ষে অবস্থান নিচ্ছেন। পোল্যান্ডের কৃষিমন্ত্রী স্তেফান ক্রাইয়েভস্কিও কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। ব্রাসেলসে ভোটের ফলাফল পোল্যান্ডের বিপক্ষে গেলেও দেশটির উপ-প্রধানমন্ত্রী ভ্লাদিস্লভ কোসিনিয়াক-কামিশ ঘোষণা দিয়েছেন যে, পোল্যান্ড সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালতে (Court of Justice) আইনি চ্যালেঞ্জ জানাবে।

 

উল্লেখ্য, শুক্রবার ব্রাসেলসে অনুষ্ঠিত ভোটে পোল্যান্ড, ফ্রান্স, হাঙ্গেরি, অস্ট্রিয়া এবং আয়ারল্যান্ড এই চুক্তির বিপক্ষে ভোট দেয়। তবে ইইউর নিয়ম অনুযায়ী ‘কোয়ালিফাইড মেজরিটি’ বা বিশেষ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চুক্তিটি প্রাথমিক অনুমোদন পেয়ে যায়। ইতালি শেষ মুহূর্তে চুক্তির পক্ষে অবস্থান নেওয়ায় বিরোধিতাকারী দেশগুলো এটি আটকাতে ব্যর্থ হয়। বেলজিয়াম ভোটদানে বিরত ছিল।

 

দুই দশকেরও বেশি সময় ধরে আলোচনার পর চূড়ান্ত হতে যাওয়া এই চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও মার্কোসুর ভুক্ত দেশগুলোর মধ্যে ৯০ শতাংশ পণ্যের শুল্ক প্রত্যাহার করা হবে। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এই চুক্তিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছেন। আগামী সপ্তাহে প্যারাগুয়েতে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে পোলিশ কৃষকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাঁদের স্বার্থ রক্ষা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং আইনি লড়াই ২০২৬ সাল জুড়েও চলতে পারে।

 

- AA News