দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে টস জিতলেন টি-টোয়েন্টি দলের স্থায়ী অধিনায়ক লিটন দাস। রোববার (২০ জুলাই, ২০২৫) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেই ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। লিটন এর আগে টানা ৯টি টস হেরেছিলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাসী টাইগাররা এই জয়ের ধারা বজায় রাখতে চাইছে। লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছেন; বাঁহাতি পেসার শরিফুল ইসলামের জায়গায় দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তাসকিন ছাড়াও পেস আক্রমণে আছেন তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। স্পিনার হিসেবে দলে আছেন শেখ মেহেদী ও রিশাদ হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে চার উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মেহেদীর দিকেই সবার নজর থাকবে।
এদিকে, সফরকারী পাকিস্তানও প্রায় একইরকম দল নিয়ে মাঠে নেমেছে। তাদের পেস আক্রমণে আছেন ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি এবং সালমান মির্জা। লেগ স্পিনার আবরার আহমেদ স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন, তাকে সঙ্গ দেবেন খুশদিল শাহ। অধিনায়ক সালমান আগা নিজেও একজন কার্যকরী অফ-স্পিনার হিসেবে আক্রমণে আসতে পারেন।
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।