সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাটিংয়ে আত্মবিশ্বাস কমেছে- হোয়াইটওয়াশের পর বললেন ফাহিম

আর এন এস স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৫, ০৪:১৬ পিএম

ব্যাটিংয়ে আত্মবিশ্বাস কমেছে- হোয়াইটওয়াশের পর বললেন ফাহিম
ছবি: Collected

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়াকে একটি 'বিচ্যুতি' এবং 'হতাশাজনক' পারফরম্যান্স হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তার মতে, টানা চারটি সিরিজ জয়ের পর এই সিরিজে দলের ধারাবাহিকতায় ছেদ পড়েছে, যার মূল কারণ ব্যাটিং বিভাগের আত্মবিশ্বাসের ঘাটতি।

 

শনিবার (১ নভেম্বর) দলের এই হতশ্রী পারফরম্যান্সের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, "গত টি-টোয়েন্টি সিরিজে আমাদের ধারাবাহিকতার জায়গায় কিছুটা বাঁধা পড়েছে। টি-টোয়েন্টিতে আমাদের দল পরপর চারটা সিরিজ জিতেছে। সাধারণত আমরা এতটা প্রথাগত অধারাবাহিকতা দেখি না। সুতরাং, এবার কিছুটা ব্যত্যয় ঘটেছে। এটা অবশ্যই হতাশার, তবে বিষয়টা মেনে নিতে হবে।"

 

সিরিজ হারের মূল কারণ বিশ্লেষণ করতে গিয়ে নাজমুল আবেদিন ফাহিম সরাসরি ব্যাটিং বিভাগকে দায়ী করেছেন। তিনি মনে করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল ব্যাটিংয়ে যে শক্তি ও আত্মবিশ্বাস দেখাচ্ছিল, এই সিরিজে তার ছিটেফোঁটাও দেখা যায়নি।

 

তিনি বলেন, "ব্যাটিংয়ে যে আত্মবিশ্বাস আমরা দেখাচ্ছিলাম, সেটা এবার কিছুটা কমে গেছে। বিশেষ করে রান তাড়া করার সময় কিংবা বড় স্কোর গড়ার সুযোগ আসলে আমরা তা কাজে লাগাতে পারিনি। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে আমাদের যে শক্তি দেখা গিয়েছিল, সেটা এবার কিছুটা অনুপস্থিত ছিল।"

 

দলের ফিনিশিং দুর্বলতা নিয়ে কথা বলতে গিয়েই নুরুল হাসান সোহান এবং জাকের আলি অনিকের প্রসঙ্গ টানেন ফাহিম। তিনি উল্লেখ করেন, যে ফিনিশারদের ওপর দল ভরসা করছিল, তারা এবার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন।

 

জাকের-সোহানদের নিয়ে ফাহিম বলেন, "যে ফ্লোতে ছিল আমাদের দল, সেখানে আরও ভালো পারফর্ম্যান্স আশা করেছিলাম। জাকের আলি অনিক কিংবা নুরুল হাসান সোহানের ওই জায়গাগুলোতে আমরা ভালো রান পাচ্ছিলাম। তারা ম্যাচজয়ী ইনিংসও খেলছিল। কিন্তু এবার সেই জায়গায় আমরা কিছুটা পিছিয়ে পড়েছি।"

 

তবে এই একটি সিরিজ হারেই সব শেষ হয়ে গেছে বলে মনে করছেন না ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। তিনি এই ব্যর্থতাকে একটি শিক্ষণীয় অধ্যায় হিসেবে দেখছেন এবং বিশ্বাস করেন, দল দ্রুতই এই হতাশা কাটিয়ে উঠবে।

 

ফাহিম বলেন, "এগুলো বোঝার এবং মেনে নেওয়ার বিষয়। অনেক সময় ভালো পারফর্ম্যান্স হয়, অনেক সময় হয় না। তবে একে বোঝার মানসিকতা থাকতে হবে। সময়ের সঙ্গে দল ভালো পারফর্ম করবে, আবারও আত্মবিশ্বাস ফিরে পাবে।"