উভয় লন্ডনভিত্তিক ক্লাবই বর্তমানে ইউরোপীয় প্রতিযোগিতায় ব্যস্ত রয়েছে-আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে এবং প্যালেস কনফারেন্স লিগে খেলছে। এর ফলে তাদের খেলার সূচি অত্যন্ত ঠাসা হয়ে পড়েছিল, যা খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা বা কল্যাণ (player welfare) নিয়ে তীব্র মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।
গত সপ্তাহে, ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ এই ঠাসা সূচির জন্য উয়েফার সম্প্রসারিত ইউরোপীয় প্রতিযোগিতাকে দায়ী করেছিল। ইএফএল জানিয়েছিল, এই সূচি জটিলতা লিগ কাপের গুরুত্বকে খাটো করছে। তারাই আর্সেনাল ও প্যালেসের মধ্যকার কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছিল।
এই পটভূমিতে, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ মঙ্গলবার এক ঘোষণায় জানায় যে, ২১ ডিসেম্বরের নির্ধারিত দুটি ম্যাচ-এভারটন বনাম আর্সেনাল এবং লিডস ইউনাইটেড বনাম ক্রিস্টাল প্যালেস-এগিয়ে এনে ২০ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এই পরিবর্তনের ফলে উভয় দলই ২৩ ডিসেম্বারের গুরুত্বপূর্ণ কাপ ম্যাচের আগে প্রস্তুতির জন্য প্রয়োজনীয় অতিরিক্ত সময় পেলো।
প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে বলেছে, "খেলোয়াড়দের কল্যাণ প্রিমিয়ার লিগের কাছে একটি অগ্রাধিকার। তাই আমরা আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেসের সূচি পরিবর্তনের অনুরোধ মঞ্জুর করেছি।" বিবৃতিতে আরও বলা হয়, "অন্যান্য প্রতিযোগিতার ম্যাচগুলো খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের সময় না দিয়েই প্রিমিয়ার লিগের ম্যাচের আশেপাশে নির্ধারিত করা হচ্ছে।
এটি উয়েফার সম্প্রসারিত প্রতিযোগিতার ঘরোয়া সূচির ওপর কী মারাত্মক প্রভাব ফেলছে, তার আরও একটি প্রমাণ।" এই সূচি পরিবর্তনে সহযোগিতা করার জন্য প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ লিডস ইউনাইটেড এবং এভারটনকেও ধন্যবাদ জানিয়েছে।
এর আগে, আর্সেনালের পক্ষ থেকে জোরালো আপত্তি জানিয়ে বলা হয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে দুটি ম্যাচ খেলা ফিফার সুপারিশের পরিপন্থী। ফিফার সুপারিশ অনুযায়ী, খেলোয়াড়দের স্বাস্থ্য ও ফিটনেস সুরক্ষায় দুটি ম্যাচের মধ্যে ন্যূনতম ৭২ ঘণ্টা বিশ্রাম থাকা প্রয়োজন।
এছাড়াও, কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি ২৪ ডিসেম্বর (ক্রিসমাস ইভ) খেলার একটি বিকল্প প্রস্তাব আর্সেনাল প্রত্যাখ্যান করেছিল। ক্লাবটি জানায়, এতে তাদের সমর্থক এবং কর্মীবাহিনীর ওপর বিরূপ প্রভাব পড়বে। পরবর্তীতে, মেট্রোপলিটন পুলিশ এবং ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) সাথে আলোচনা করেও সেই বিকল্পটি বাতিল করা হয়, কারণ সেদিন গণপরিবহন সেবা অত্যন্ত সীমিত থাকবে।