বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম, পিউ গবেষণা

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৫২ এএম

আগামী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম, পিউ গবেষণা
ছবি: সংগৃহীত

উচ্চ জন্মহার এবং তরুণ জনসংখ্যার আধিক্যের কারণে আগামী ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টান ধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে যাচ্ছে ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক বিস্তৃত প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

গত পঁচিশ বছর ধরে বিশ্বজুড়ে ধর্মভিত্তিক জনমিতি নিয়ে নির্ভরযোগ্য গবেষণা পরিচালনা করে আসা এই প্রতিষ্ঠানটি বুধবার তাদের সর্বশেষ প্রতিবেদনটি প্রকাশ করে। এতে দেখা গেছে, বৈশ্বিক প্রেক্ষাপটে ইসলাম ও খ্রিস্টান উভয় ধর্মের অনুসারীর সংখ্যাই ক্রমান্বয়ে বাড়ছে।

 

তবে অন্যান্য প্রধান ধর্মীয় গোষ্ঠীর তুলনায় মুসলিম পরিবারগুলোতে সন্তানের সংখ্যা সাধারণত বেশি হওয়ায় ইসলামের প্রসারের গতি খ্রিস্টান ধর্মের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। প্রতিবেদনটির মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে পিউ রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ জনমিতি বিশেষজ্ঞ কনরাড হ্যাকেট জানান, ধর্মীয় জনসংখ্যার এই পরিবর্তনের পেছনে প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে জন্মহার।

 

তার মতে, ধর্মান্তর কিংবা ধর্মীয় পরিচয় পরিবর্তনের অন্যান্য প্রক্রিয়ার তুলনায় জন্মহারের প্রভাব অনেক বেশি শক্তিশালী। গবেষণার তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সময়কালে বিশ্বজুড়ে মুসলিম নারীদের গড় সন্তান সংখ্যা বা প্রজনন হার ছিল তিন দশমিক এক, যেখানে খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই হার ছিল দুই দশমিক পাঁচ।

 

অন্যদিকে, বিশ্বের অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের গড় সন্তান সংখ্যা ছিল মাত্র এক দশমিক ছয়। জনমিতি বিজ্ঞানের মানদণ্ড অনুযায়ী, একটি প্রজন্মের বিদায়ের পর পরবর্তী প্রজন্মের ধারাবাহিকতা টিকিয়ে রাখার জন্য ন্যূনতম দুই দশমিক এক জন্মহার প্রয়োজন হয়, যা অন্যান্য ধর্মের ক্ষেত্রে পূরণ হচ্ছে না।

 

পিউ রিসার্চ সেন্টারের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা ছিল ২২৭ কোটি এবং মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা ছিল ২০২ কোটি। তবে বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২০৩৫ সাল নাগাদ মুসলিমদের সংখ্যা বেড়ে ২৫৭ কোটিতে পৌঁছাবে এবং খ্রিস্টানদের সংখ্যা হবে ২৫২ কোটি।

 

বর্তমান এই ধারা অব্যাহত থাকলে ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির মাইলফলক ছাড়িয়ে যাবে, আর খ্রিস্টানদের সংখ্যা ৩০০ কোটির সামান্য নিচে অবস্থান করবে। মূলত ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর আকার কীভাবে পরিবর্তিত হবে, তা বিশ্লেষণ করার একটি বৃহত্তর প্রকল্পের অংশ হিসেবে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

 

এতে বয়সভিত্তিক জনসংখ্যা কাঠামো, জন্মহার, ধর্মান্তরের প্রবণতা এবং অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বিবেচনায় নেওয়া হয়েছে। বৈশ্বিক এই পরিবর্তনের পাশাপাশি পশ্চিমা দেশগুলোতেও ধর্মীয় পরিচয়ে বড় ধরনের রূপান্তর ঘটতে চলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে খ্রিস্টান ধর্মাবলম্বীরা আর সংখ্যাগরিষ্ঠ থাকবে না। বর্তমানে দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৬২ শতাংশ খ্রিস্টান হলেও ২০৬৫ সালের মধ্যে এই হার ৫০ শতাংশের নিচে নেমে আসবে।

 

সংখ্যার বিচারে যুক্তরাষ্ট্রে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা ২০২০ সালের প্রায় ২১ কোটি ৭০ লাখ থেকে কমে ২০৭০ সাল নাগাদ প্রায় ১৭ কোটি ৪০ লাখে দাঁড়াবে। প্রতিবেশী দেশ কানাডাতেও একই ধরনের প্রবণতা লক্ষ করা যাচ্ছে, যেখানে ২০৩০ সালের মধ্যেই খ্রিস্টানদের হার ৫০ শতাংশের নিচে নেমে আসবে।

 

উভয় দেশেই এই হ্রাসের অন্যতম প্রধান কারণ হলো কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের বাইরে থাকা মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়া। ২০৭০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪১ শতাংশের কোনো ধর্মীয় পরিচয় থাকবে না, আর কানাডায় ধর্মহীন মানুষের সংখ্যা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে।

 

যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি প্রধান প্রোটেস্ট্যান্ট ধর্মীয় সম্প্রদায়ের সদস্যসংখ্যা দীর্ঘ সময় ধরে কমে আসছে। তবে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-স্যাক্রামেন্টোর ধর্ম অধ্যয়ন বিষয়ের অধ্যাপক জেফরি ব্রড মনে করেন, মধ্যপন্থী থেকে উদারপন্থী ধারার এসব ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ডেমোক্র্যাট প্রার্থী সাম্প্রতিক কংগ্রেস নির্বাচনে জয়ী হওয়ায় ভবিষ্যতে তাদের সদস্যসংখ্যা আবারও বাড়তে পারে।

 

বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরে পিউ জানিয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বৃদ্ধি পাবে। এই সময়ের মধ্যে খ্রিস্টানদের সংখ্যা বাড়বে ৩০ শতাংশ এবং মুসলিমদের সংখ্যা বাড়বে ৮০ শতাংশ।

 

অন্যদিকে, হিন্দু ও ইহুদি ধর্মাবলম্বীদের সংখ্যা সামগ্রিকভাবে বাড়লেও বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাদের অংশীদারিত্ব কিছুটা কমে আসবে। তবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে মোট সংখ্যা এবং বিশ্ব জনসংখ্যার অনুপাত-উভয়ই হ্রাস পাবে। এর প্রধান কারণ হলো চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো বৌদ্ধ অধ্যুষিত দেশগুলোতে সামগ্রিক জনসংখ্যা কমে যাওয়ার প্রবল সম্ভাবনা।

 

আঞ্চলিক বিশ্লেষণে দেখা গেছে, আগামী কয়েক দশকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সবচেয়ে বড় অংশটি ঘটবে আফ্রিকা মহাদেশে, বিশেষ করে সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলে। এই অঞ্চলের অধিকাংশ মানুষ খ্রিস্টান অথবা মুসলিম ধর্মাবলম্বী। সেখানে উচ্চ জন্মহার এবং মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়ার ফলে বিশ্বজুড়ে এই দুই ধর্মের অনুসারীদের সংখ্যা আরও বাড়বে।

 

বিপরীতে ইউরোপের মতো অঞ্চলে জনসংখ্যা উল্লেখযোগ্য হারে কমবে। পিউয়ের হিসাব অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে ইউরোপের মোট জনসংখ্যা ১৭ শতাংশ হ্রাস পাবে এবং সেখানকার খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা এক-তৃতীয়াংশ কমে ৫০ কোটি ৫০ লাখ থেকে ৩২ কোটি ৪০ লাখে নেমে আসবে।

 

একই সময়ে ইউরোপের মোট জনসংখ্যায় মুসলিমদের হার ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। সন্তান জন্মদানের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে মুসলিম মায়েদের কোলে এসেছে প্রায় ২৫ কোটি ২০ লাখ শিশু, যেখানে খ্রিস্টান মায়েদের ক্ষেত্রে এই সংখ্যা ছিল ২০ কোটি ৮০ লাখ।

 

আগামী দশকগুলোতে একমাত্র মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রেই জন্মহার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে; অন্যান্য ধর্মের ক্ষেত্রে এই হার স্থিতিশীল থাকবে অথবা ধীরে ধীরে কমবে। এই ধারাবাহিকতায় ২০৭০ সাল নাগাদ বিশ্বে সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশ হিসেবে শীর্ষে থাকবে পাকিস্তান।

 

এর পরেই অবস্থান করবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। উল্লেখ্য, বর্তমানে বিশ্বে সর্বাধিক মুসলিম বসবাস করেন ইন্দোনেশিয়ায়। ধর্মীয় জনমিতির এই পরিবর্তনশীল প্রেক্ষাপটে আন্তধর্মীয় সম্প্রীতির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

হার্ভার্ড ডিভিনিটি স্কুলের জ্যেষ্ঠ গবেষক ও ধর্মীয় জনমিতি বিশেষজ্ঞ জিনা জুরলো মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে পাঠানো এক বার্তায় বলেন, কিছু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে এখনো সভ্যতার সংঘাতের ধারণাটি প্রবলভাবে কাজ করে এবং উভয় পক্ষের মধ্যেই একে অপরের ধর্ম সম্পর্কে প্রচুর ভুল বোঝাবুঝি রয়েছে।

 

ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্ম হতে চলেছে-এই বাস্তবতা অনেক খ্রিস্টানই মেনে নিতে পারছেন না, যা তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করছে। তিনি আশা প্রকাশ করেন, মানুষ বিভিন্ন ধর্মের মধ্যে পারস্পরিক শিক্ষার সুযোগ খুঁজবে এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে অন্য ধর্মের মানুষকে আরও মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার পরিবেশ তৈরি করবে।

 

একই সুরে কথা বলেছেন পিউ রিসার্চ সেন্টারের ধর্মবিষয়ক গবেষণার পরিচালক অ্যালান কুপারম্যান। তিনি স্পষ্ট করেন যে মুসলিম ও খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধির যে পূর্বাভাস পাওয়া গেছে, তার বেশিরভাগই ঘটছে এমন সব দেশে যেখানে তারা ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠ। অর্থাৎ, এই পরিবর্তনে ধর্মান্তরের ভূমিকা খুবই সামান্য।

 

তিনি বলেন, মুসলিমদের সংখ্যা বৃদ্ধি খ্রিস্টানদের অস্তিত্বের জন্য কোনো হুমকি বা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে তিনি মনে করেন না। তবে তার প্রধান উদ্বেগ হলো, এই পরিসংখ্যানকে ব্যবহার করে যেন কোনো বিভ্রান্তিকর শিরোনাম বা বয়ান তৈরি না করা হয়, যা বিষয়টিকে খ্রিস্টান বনাম মুসলিমদের মধ্যকার সংঘাত হিসেবে উপস্থাপন করবে।

 

- এপি, এনডিটিভি অনলাইন