সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লাইফ জ্যাকেট পরে ইসরায়েলি বাধার অপেক্ষা, গাজামুখী ফ্লোটিলায় চরম উত্তেজনা!

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৫, ০৬:১৩ পিএম

লাইফ জ্যাকেট পরে ইসরায়েলি বাধার অপেক্ষা, গাজামুখী ফ্লোটিলায় চরম উত্তেজনা!
ছবি: Al Jazeera
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

গাজার দিকে এগিয়ে যাওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে ইসরায়েলি নৌবাহিনীর বাধার সম্মুখীন হতে পারে—এমন আশঙ্কায় নৌবহরের জাহাজগুলোতে থাকা কর্মী ও যাত্রীরা লাইফ জ্যাকেট পরে চূড়ান্ত প্রস্ততি নিচ্ছেন।

সুমুদ ফ্লোটিলার ‘আলমা’ জাহাজ থেকে পাঠানো লাইভ ফুটেজে দেখা যায়, জাহাজের কর্মীরা, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং যাত্রীরা সকলেই লাইফ জ্যাকেট পরে আছেন এবং সম্ভাব্য সংঘাতময় পরিস্থিতির জন্য অপেক্ষা করছেন।

 

ফ্লোটিলার কর্মীরা জানিয়েছেন, তারা গাজা উপকূলের কাছাকাছি পৌঁছানোর সঙ্গে সঙ্গে ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ’ এলাকায় প্রবেশ করেছেন, যেখানে আগের বিভিন্ন ফ্লোটিলাকে ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছিল। বুধবার ভোরেও ইসরায়েলি যুদ্ধজাহাজ তাদের নৌবহরের খুব কাছে এসে বিপজ্জনক মহড়া দিয়েছে এবং কয়েকটি জাহাজের যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে বলে তারা অভিযোগ করেন।

 

এই পরিস্থিতিতে নৌবহরে থাকা কর্মীরা তাদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ৪০টিরও বেশি জাহাজের এই নৌবহরটির লক্ষ্য হলো, ইসরায়েলের নৌ-অবরোধ ভেঙে গাজার যুদ্ধ-বিধ্বস্ত মানুষের জন্য সরাসরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, তারা যেকোনো মূল্যে এই নৌবহরকে থামিয়ে দেবে। এর জন্য তারা নৌ-কমান্ডো প্রস্তুত রেখেছে এবং নিকটবর্তী বন্দর ও হাসপাতালগুলোতে সতর্কতা জারি করেছে। ফলে, আন্তর্জাতিক জলসীমায় একটি বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

 

- Al Jazeera News