ঘটনার সূত্রপাত গত সেপ্টেম্বর মাসে, যখন প্রতিরক্ষামন্ত্রী কাটজ স্থল বাহিনীর চিফ অফ স্টাফ বা প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মনোর ইয়ানাইয়ের নিয়োগ অনুমোদন করতে অস্বীকৃতি জানান। মেজর জেনারেল রামি আবুদরাহামের স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল ইয়ানাইয়ের, যিনি প্রযুক্তি ও লজিস্টিকস দপ্তরে পদোন্নতি পেয়েছেন।
কিন্তু প্রতিরক্ষামন্ত্রী কাটজ সাফ জানিয়ে দেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযানের সময় যে সকল জ্যেষ্ঠ কর্মকর্তা দক্ষিণ কমান্ডে কর্মরত ছিলেন, তাঁদের কাউকেই তিনি পদোন্নতি দেবেন না। যদিও সেনাপ্রধান জমির একটি বাহ্যিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নিশ্চিত করেছিলেন যে, ইয়ানাইয়ের পদোন্নতিতে কোনো বাধা নেই এবং ৭ অক্টোবরের ঘটনার সাথে তাঁর প্রশাসনিক ভূমিকার কোনো নেতিবাচক সম্পর্ক নেই, তবুও মন্ত্রী তাঁর সিদ্ধান্তে অটল থাকেন।
মন্ত্রীর এই কঠোর অবস্থানের কারণে সেপ্টেম্বর মাস থেকেই স্থল বাহিনীর প্রধানের পদটি শূন্য ছিল, যার ফলে বাহিনীর গুরুত্বপূর্ণ কৌশলগত পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল। এই অচলাবস্থা কাটাতে সেনাপ্রধান জমির ইয়ানাইয়ের নিয়োগের আশা ত্যাগ করে নীরবে নতুন পদক্ষেপ গ্রহণ করেন। তিনি গোলন্দাজ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়ার নাতানসকে পরবর্তী স্থল বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।
তবে আইডিএফ এই নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। গতকাল গোলন্দাজ বাহিনীর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে কেবল প্রসঙ্গক্রমে এই বিষয়টি উল্লেখ করা হয়, যা সামরিক বিশ্লেষকদের নজর এড়ায়নি। এই রদবদলের ফলে সেনাবাহিনীতে নতুন করে পদ শূন্য হওয়ার সৃষ্টি হয়েছে। নাতানসের স্থলাভিষিক্ত হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ইহুদ বিবিকে ভারপ্রাপ্ত গোলন্দাজ বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইহুদ বিবি এতদিন স্থল বাহিনীর পারসোনেল বা জনবল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ফলে এখন জনবল বিভাগের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ শূন্য হয়ে পড়েছে। আইডিএফ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নাতানস আনুষ্ঠানিকভাবে স্থল বাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। তবে প্রতিরক্ষামন্ত্রীর সাথে সেনাপ্রধানের এই মতবিরোধ এবং গুরুত্বপূর্ণ পদগুলোতে স্থায়ী নিয়োগে বিলম্ব ইসরায়েলি সামরিক বাহিনীর অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।