দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। আগুন ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় বহু মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ফ্রান্সের অডেঁ (Aude) বিভাগে এই দাবানল ছড়িয়ে পড়েছে, যা প্যারিস শহরের চেয়েও বড় এলাকা পুড়িয়ে দিয়েছে। বুধবার গভীর রাতেও পরিস্থিতি ছিল ভয়াবহ। প্রায় ২,১০০ জন দমকল কর্মী এবং আকাশপথে বিমান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
এই দাবানলে এ পর্যন্ত একজন নিহত এবং ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন দমকল কর্মীও আছেন, যার অবস্থা গুরুতর। দাবানলের কারণে ওই অঞ্চলের বহু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, এই দাবানল বিশেষ করে আঙুর ক্ষেত এবং কৃষিজমিতে ব্যাপক ক্ষতি করেছে। ফরাসি সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের ফলে এমন চরম আবহাওয়া এবং দাবানলের ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।