সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভাগ্যক্রমে বেঁচে যাওয়া কোকুরা, যে শহরে নেমেছিল নাগাসাকির দুর্ভাগ্য!

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৫, ১০:০৯ এএম

ভাগ্যক্রমে বেঁচে যাওয়া কোকুরা, যে শহরে নেমেছিল নাগাসাকির দুর্ভাগ্য!
ছবি : REUTERS

জাপানের কিটাকিউশু শহরের কোকুরা একসময় পারমাণবিক ধ্বংসযজ্ঞের প্রধান লক্ষ্য ছিল। কিন্তু মেঘলা আকাশের কারণে এই শহরটি সেই ভয়াবহ ধ্বংসলীলা থেকে রক্ষা পায়। ১৯৪৫ সালের ৯ আগস্ট, যে পারমাণবিক বোমাটি কোকুরার জন্য নির্ধারিত ছিল, তা শেষ পর্যন্ত নাগাসাকি শহরে ফেলা হয়, যার ফলে হাজার হাজার মানুষের জীবনহানি ঘটে।

 

কোকুরা শহরের আবহাওয়া সারা বছরই মেঘলা থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এমনই মেঘে ঢাকা আকাশ এই শহরটিকে পারমাণবিক বোমা থেকে বাঁচিয়ে দেয়। মূলত ১১ আগস্ট বোমা হামলার কথা থাকলেও, আবহাওয়ার পূর্বাভাসে খারাপ আবহাওয়ার জন্য ৯ আগস্ট বোমা ফেলার দিন ধার্য করা হয়।

প্রথম পারমাণবিক বোমার প্রাথমিক লক্ষ্য ছিল হিরোশিমা, কারণ সেখানে জাপানের দুটি সামরিক সদর দফতর এবং একটি কৌশলগত বন্দর ছিল। কোকুরার সামরিক অস্ত্রাগার ছিল দ্বিতীয় পারমাণবিক বোমার লক্ষ্য, যা ছিল একটি প্রচলিত ও রাসায়নিক অস্ত্র উৎপাদন কেন্দ্র। ৯ আগস্ট বোমা ফেলার জন্য নির্ধারিত দিনেও কোকুরার আকাশে মেঘ জমে ছিল।

 

মার্কিন বোমারু বিমান 'বক্সকার' সকাল ১০:৪৪ নাগাদ কোকুরার ওপর দিয়ে উড়ে যায়, কিন্তু ঘন মেঘের কারণে লক্ষ্যবস্তু দেখতে পায়নি। এরপর তারা বিকল্প লক্ষ্য নাগাসাকির দিকে রওনা হয়। নাগাসাকিতেও মেঘ ছিল, কিন্তু পাইলটরা শেষ মুহূর্তে মেঘের ফাঁকে লক্ষ্যবস্তু দেখতে পান এবং সেখানে বোমা ফেলেন। এভাবেই কোকুরার মেঘলা আকাশ হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়ে দেয়, কিন্তু সেই দুর্ভাগ্য নেমে আসে নাগাসাকির ওপর।

 

- Japan Today