সংবিধানের ২০৯ অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হলো পাকিস্তানের উচ্চ আদালতের বিচারকদের বিরুদ্ধে ওঠা যেকোনো অভিযোগ তদন্ত ও নিষ্পত্তির দায়িত্বে থাকা সর্বোচ্চ ফোরাম। শনিবারের বৈঠকে কাউন্সিল মোট ২৪টি অভিযোগ বিস্তারিতভাবে খতিয়ে দেখে। পর্যালোচনার পর ১৯টি অভিযোগ নিষ্পত্তির সিদ্ধান্ত হয় এবং বাকি ৫টি অভিযোগ আপাতত স্থগিত রাখা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অভিযোগ নিষ্পত্তির পাশাপাশি বৈঠকে কাউন্সিলের কার্য নিয়েও আলোচনা হয়। 'এসজেসি সেক্রেটারিয়েট সার্ভিস রুলস, ২০২৫'-এর খসড়া এই বৈঠকে অনুমোদন করা হয়, যা কাউন্সিলের দাপ্তরিক কাজে শৃঙ্খলা আনবে বলে মনে করা হচ্ছে। তবে, বিচারকদের জন্য প্রযোজ্য 'প্রসিডিউর অফ এনকোয়ারি, ২০০৫' এবং আচরণবিধির কিছু সংশোধনী আরও আইনগত পর্যালোচনার জন্য রাখা হয়েছে।
বৈঠকে প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি সৈয়দ মনসুর আলি শাহ, বিচারপতি মুনিব আখতার এবং লাহোর ও সিন্ধু হাইকোর্টের প্রধান বিচারপতিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিচার বিভাগে জমে থাকা অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বর্তমান কাউন্সিল সক্রিয়ভাবে কাজ করছে। এর আগে ফেব্রুয়ারি মাসেও কাউন্সিল ৪৬টি অভিযোগ পর্যালোচনা করে ৪০টি নিষ্পত্তি করেছিল। এই পদক্ষেপকে পাকিস্তানের বিচার ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠার একটি ইতিবাচক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
---