পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ভেতরে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। দলীয় নির্দেশ অমান্য করার অভিযোগে গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী গুলবার খানসহ মোট ১২ জন আইনপ্রণেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) পিটিআই-এর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, পিটিআইয়ের কেন্দ্রীয় কমিটির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সমর্থনে গুলবার খান গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।
দল এই ঘটনাকে ‘বিদ্রোহ’ এবং দলের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেছে। পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কৃতদের দলের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।
এই বহিষ্কারের ফলে গিলগিট-বালতিস্তানে এক নজিরবিহীন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হলো। এখন সেখানে পিটিআই আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের ভূমিকা পালন করবে, অথচ সেখানকার সরকার গঠিত হয়েছে পিটিআই থেকেই বহিষ্কৃত সদস্যদের দ্বারা।