শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন চুক্তি ‘অন্যায়’ মনে হলে পুনর্বিবেচনার সম্ভাবনা আছে!

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫১ এএম

মার্কিন চুক্তি ‘অন্যায়’ মনে হলে পুনর্বিবেচনার সম্ভাবনা আছে!
ছবি: Reuters

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা অন্যতম প্রধান প্রার্থী সানায়ে তাকাইচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের বর্তমান শুল্ক ও বিনিয়োগ চুক্তিটি যদি জাপানের জাতীয় স্বার্থের জন্য ‘অন্যায়’ বা ক্ষতিকর বলে প্রমাণিত হয়, তবে এটি নিয়ে পুনরায় আলোচনার সম্ভাবনা রয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) ফুজি টিভির এক অনুষ্ঠানে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

 

তাকাইচি বলেন, যদিও সরকার পরিবর্তন হলেও এই দ্বিপাক্ষিক চুক্তিটি বহাল থাকবে, কিন্তু এর অধীনে জাপানের প্রতিশ্রুত ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগসহ অন্যান্য শর্ত যদি দেশের জন্য ক্ষতিকর হয়, তবে তাঁর সরকার ‘দৃঢ়ভাবে কথা বলবে’। তাঁর এই বক্তব্যকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির শর্তাবলী নিয়ে জাপানের রাজনৈতিক মহলের অস্বস্তির একটি প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।

 

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট পদের এই প্রার্থী আরও বলেন, “পুনরায় আলোচনার সম্ভাবনাও রয়েছে।” তাঁর এই মন্তব্যকে জাপানের চিরাচলিত কূটনৈতিক ভাষা থেকে একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এটি ইঙ্গিত দেয় যে, তিনি নির্বাচিত হলে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক বিষয়ে আরও দৃঢ় অবস্থান নিতে পারেন।

 

এলডিপি’র নেতৃত্ব নির্বাচনের এই উত্তপ্ত প্রতিযোগিতার মধ্যে, তাকাইচির এই মন্তব্য জাপান-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। টোকিওর পরবর্তী সরকারের পররাষ্ট্রনীতি কতটা কঠোর হতে পারে, সেদিকে এখন ওয়াশিংটনসহ পুরো বিশ্ব নিবিড়ভাবে নজর রাখছে।

 

- Japan Times