নৌবাহিনীর সূত্র মতে, এনসাইন (Ensign) বা সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদার লি জি-হো নৌবাহিনীর ‘মাইন/অ্যামফিবিয়াস ফ্লোটিলা ফাইভ’ (Mine/Amphibious Flotilla Five)-এর তথ্য ও কৌশল বিভাগের স্টাফ অফিসারের কার্যালয়ে দায়িত্ব পালন করবেন। তাঁর প্রধান দায়িত্ব হবে বিদেশি বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ার সময় কমান্ডারদের মধ্যে দোভাষী হিসেবে কাজ করা এবং অপারেশনাল যোগাযোগে সহায়তা করা।
২৫ বছর বয়সী লি গত বছরের নভেম্বরে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর চাংওয়ানে অবস্থিত নেভাল একাডেমিতে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কমিশন লাভ করেন। তিনিসহ মোট ৮৯ জন নতুন কর্মকর্তা ওই দিন নৌবাহিনী ও মেরিন কর্পসে যোগদান করেন। অনুষ্ঠানে তাঁর বাবা স্যামসাং প্রধান লি জে-ইয়ং এবং দাদী হং রা-হি উপস্থিত ছিলেন।
লি জি-হোর সামরিক বাহিনীতে যোগদানের বিষয়টি দক্ষিণ কোরিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ২০০০ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করায় জন্মসূত্রে তিনি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া-উভয় দেশেরই নাগরিক ছিলেন। তবে দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, দেশের প্রতিটি সক্ষম পুরুষ নাগরিকের জন্য সামরিক সেবা বাধ্যতামূলক। সেই জাতীয় দায়িত্ব পালনের উদ্দেশ্যে তিনি স্বেচ্ছায় তাঁর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।
বিশ্লেষকদের মতে, দেশটির অন্যতম ধনী ও প্রভাবশালী পরিবারের সন্তান হয়েও নাগরিকত্ব ত্যাগ করে সাধারণ নিয়মে সামরিক বাহিনীতে যোগদানের এই সিদ্ধান্ত ‘নোবলেস অবলাইজ’ (noblesse oblige) বা আভিজাত্যের দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।