শনিবার, জুলাই ১৮, ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন

জামায়াতের প্রার্থী চূড়ান্ত, এনসিপিতে গুঞ্জন ও অপেক্ষায় বিএনপি

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ০৭:২৩ পিএম

জামায়াতের প্রার্থী চূড়ান্ত, এনসিপিতে গুঞ্জন ও অপেক্ষায় বিএনপি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। আসন্ন এই মর্যাদাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন সমীকরণ ও প্রস্তুতি বেশ জমে উঠেছে।

 

এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে তাদের দলের পক্ষ থেকে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের নাম নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছে।

 

তবে বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন পর্যন্ত তাদের প্রার্থী চূড়ান্ত করেনি এবং কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় রয়েছে। গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর চট্টগ্রাম নগর শাখার শূরা বৈঠকের সর্বসম্মত সিদ্ধান্তে দলের নগর শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

 

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ওই গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

জামায়াত মনোনীত এই প্রার্থী ইতিপূর্বে নগরীর ষোলোশহর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

 

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, দলের নগর শাখার সদস্যদের মতামতের ভিত্তিতেই শামসুজ্জামান হেলালীকে আসন্ন সিটি নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

 

অন্যদিকে, সিটি নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে ২০১০ সালে নির্বাচিত সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের অংশগ্রহণ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

 

গত ১৪ই এপ্রিল এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সাবেক এই মেয়রের বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে গেলে এই গুঞ্জন আরও জোরালো রূপ ধারণ করে।

 

যদিও ওই সময় হাসনাত আবদুল্লাহকে বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়তে হয়েছিল, তবুও রাজনৈতিক বিশ্লেষকরা এই সাক্ষাৎকে আসন্ন নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবেই বিবেচনা করছেন।

 

এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন জানিয়েছেন, তারা এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত না করলেও সাবেক মেয়র মনজুর আলমকে দলের ব্যানারে প্রার্থী হিসেবে নিয়ে আসার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

 

জামায়াত ও এনসিপির এই তৎপরতার বিপরীতে বিএনপি এখনও চসিক নির্বাচনে তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান জানিয়েছেন, কেন্দ্র থেকে যাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে, স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করবেন।

 

আপাতত তারা কেন্দ্রীয় নীতিনির্ধারকদের চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। উল্লেখ্য, বিগত ২০২১ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে দায়ের করা এক মামলার রায়ে ২০২৪ সালের ১লা অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনাল তৎকালীন বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে আইনানুগভাবে মেয়র হিসেবে ঘোষণা করেছিল। আদালতের ওই নির্দেশনার পরই তিনি শপথ গ্রহণ করে চট্টগ্রামের মেয়র হিসেবে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেছিলেন।