মঙ্গলবার, জানুয়ারী ২০, ২০২৬
৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীর পদোন্নতি: সততা ও যোগ্যতাকে মানদণ্ড করার নির্দেশ প্রধান উপদেষ্টার

RNS News

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫, ১২:০৭ এএম

সেনাবাহিনীর পদোন্নতি: সততা ও যোগ্যতাকে মানদণ্ড করার নির্দেশ প্রধান উপদেষ্টার
ফাইল ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, সততা এবং রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি শক্তিশালী ও পেশাদার সেনাবাহিনী অপরিহার্য এবং যোগ্য ও সৎ কর্মকর্তারাই উচ্চতর পদে পদোন্নতির দাবিদার। রাজধানী ঢাকার সেনা সদর দপ্তরে 'সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই নির্দেশনা দেন। এই নির্বাচনী পর্ষদের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তারা পরবর্তী পদে পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

 

অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধ, পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে নিহত সকল সেনাসদস্য এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে ড. ইউনূস বলেন, "পদোন্নতির জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা এবং নিযুক্তির উপযুক্ততা পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করতে হবে।" তিনি আরও বলেন, "যে সকল কর্মকর্তা সামরিক জীবনের বিভিন্ন স্তরে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন, তাঁদেরই পদোন্নতির জন্য নির্বাচন করতে হবে।"

 

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, "দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করে চলেছে, তা প্রশংসার যোগ্য।" এজন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাপ্রধান, নির্বাচনী পর্ষদ উদ্বোধন করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

---

বাসস