সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, "এতদিন যতটুকু নিরাপদ ছিলেন, ততটুকু নিরাপদ আছেন। আমার কাছে থাকা পরিসংখ্যান বলে, বাংলাদেশে আগে যে পরিমাণ খুন হতো, তার চেয়ে এখন অনেক কমে গেছে।" সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না-এমন প্রশ্নের উত্তরে তিনি কিছুটা কৌশলী মন্তব্য করেন।
তিনি বলেন, "এখন কী প্রভাব ফেলবে আর কী ফেলবে না, তা বলা খুব মুশকিল। বিষয়টি নির্ভর করে মূলত ‘কে মারা গেল’ তার ওপর।" অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে নাসিমুল গণি বলেন, জনগণের সেবার ক্ষেত্রে ফায়ার সার্ভিস শতভাগ সফল। মাত্র একটি কলেই তারা সাড়া দেয়।
এই বাহিনীকে যদি আমরা যথাযথভাবে গড়ে তুলতে না পারি, তবে সেই ব্যর্থতা আমাদের সকলের। তিনি জানান, বর্তমান সরকারের শেষ সময়ে এসেও ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী এবং জেলা প্রশাসক মোহ রায়হান কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।