শুনানি শেষে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, ৭০ জনের মধ্যে ৫২ জনের আবেদন মঞ্জুর করে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ১৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর হওয়ায় তাদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তই বহাল রয়েছে। এছাড়া ৩ জন প্রার্থীর বিষয়ে কমিশন তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না দিয়ে তা বিবেচনাধীন বা ‘পেন্ডিং’ রেখেছে।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাছাই শেষে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এর বিপরীতে সংক্ষুব্ধ প্রার্থীরা ইসিতে মোট ৬৪৫টি আপিল দায়ের করেন। ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত সূচি অনুযায়ী, রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর ক্রমিকের আপিল শুনানি অনুষ্ঠিত হবে।
ইসির সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। আর ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে চূড়ান্ত ভোটগ্রহণ।