শনিবার, জুলাই ১৮, ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ২১ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৭ পিএম

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) রাত ৮টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর রাত সাড়ে ৯টার দিকে তিনি পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

 

সেখানে তিনি ফাতেহা পাঠ, মোনাজাত এবং মাজার সংলগ্ন মসজিদে এশার নামাজ আদায় করেন। এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন।

 

মাজার জিয়ারত শেষে তারেক রহমানের রাতে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের পৈতৃক নিবাস বিরাইমপুর গ্রামে যাওয়ার কর্মসূচি রয়েছে। সেখানে মিলাদ, দোয়া মাহফিল এবং ঘরোয়া আয়োজনে অংশ নেবেন তিনি।

 

সফরসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। মূলত এই সমাবেশের মধ্য দিয়েই বিএনপি তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে।