বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্যে বরকত উল্লাহ বুলু দলের অভ্যন্তরীণ কোন্দল ও মনোনয়নকেন্দ্রিক মনমালিন্য ঝেড়ে ফেলার ওপর জোর দেন। তিনি বলেন, আজ কারো মনে কোনো অভিমান রাখার সুযোগ নেই। কে মনোনয়ন পেল আর কে পেল না-সেসব ভুলে গিয়ে সবাইকে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে।
তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, দলের মূলমন্ত্র এখন তিনটি-‘ঐক্য, ঐক্য এবং ঐক্য’। আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে হলে এখন থেকেই কঠোর পরিশ্রম ও ত্যাগের মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। প্রতিপক্ষকে হালকাভাবে না নেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের সতর্ক করেন। তিনি অভিযোগ করেন, একসময় বিএনপির শাসনামলে যারা ব্যাংক, বিমা, বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের মালিক হয়ে বিত্তবৈভব গড়েছেন, আজ তারাই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
তিনি এসব বিত্তশালী প্রতিপক্ষকে ‘ছায়া শত্রু’ হিসেবে অভিহিত করেন। বুলু বলেন, এমন অনেক প্রার্থী আছেন যাদের দৃশ্যমান আয় মাসে এক লাখ টাকাও নয়, অথচ তারা প্রতিদিন নির্বাচনে চার-পাঁচ লাখ টাকা ব্যয় করছেন। এই টাকার উৎস সম্পর্কে জনগণ সচেতন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই নির্বাচনকে ঐক্যের মাধ্যমেই মোকাবিলা করতে হবে।
যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে ব্যর্থ হই, তবে সামনে আরও ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উল্লাহ ইকবালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।