বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবা সংস্কার নিয়ে সাইয়েদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:০২ পিএম

স্বাস্থ্যসেবা সংস্কার নিয়ে সাইয়েদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প
ছবি : Collected

যুক্তরাষ্ট্রে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রস্তাব মেডিকেয়ার ফর অল নিয়ে মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইয়েদের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

এই স্বাস্থ্যসেবা প্রস্তাবটির নাম পরিবর্তন করে ট্রাম্পকেয়ার রাখার পরামর্শকেও ইতিবাচক ও বুদ্ধিদীপ্ত হিসেবে দেখছেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আবদুল আল-সাইয়েদ একজন বুদ্ধিমান ব্যক্তি এবং তিনি এই ধারণা প্রচারে খুব ভালো কাজ করেছেন।

 

তার সঙ্গে বৈঠক করবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট, যেখানে স্বাস্থ্যসেবা সংস্কারের বিষয়ে মাঝামাঝি কোনো সমাধানে পৌঁছানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। নির্বাচনি প্রচারের সময় সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে অন্যতম প্রধান অঙ্গীকার হিসেবে তুলে ধরেছিলেন ডেমোক্র্যাট নেতা আল-সাইয়েদ।

 

সম্প্রতি তিনি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এই প্রস্তাবটির নাম ট্রাম্পকেয়ার রাখার ধারণা সামনে আনেন। একই সঙ্গে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মার্কিন নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান তিনি।

 

অপ্রত্যাশিতভাবে ট্রাম্পও তার সেই পোস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। মঙ্গলবার ওয়াশিংটন পোস্টকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, স্বাস্থ্যসেবা পরিকল্পনার সঙ্গে নিজের নাম যুক্ত করার প্রস্তাবটি খুবই বুদ্ধিদীপ্ত।

 

নবনির্বাচিত ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের সঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি মনে করেন, একসঙ্গে তারা অনেক ভালো কাজ করতে পারেন। তবে শুরুতে কিছুটা বিরোধপূর্ণ ও টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

 

ট্রাম্প বলেন, প্রথমে হয়তো তিনি সবকিছুতে ভেটো দিতে থাকবেন এবং একপর্যায়ে ডেমোক্র্যাটরা আলোচনায় আসতে চাইবে। তখন তিনি আলোচনায় রাজি হবেন এবং স্বাস্থ্যসেবা নিয়ে একসঙ্গে কাজ করার মাধ্যমে অনেক ইতিবাচক উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

 

অথচ নির্বাচনি প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প এবং আবদুল আল-সাইয়েদের মধ্যে তীব্র রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রমণ-পাল্টা আক্রমণ হয়েছিল। এক সমাবেশে ট্রাম্প আল-সাইয়েদকে জিহাদি বলে আখ্যা দেন এবং তাকে মোহাম্মদ নামে সম্বোধন করেন, যদিও আল-সাইয়েদের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যেই।

 

আরেকটি নির্বাচনি সমাবেশে তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার ইঙ্গিতপূর্ণ বক্তব্যও দিয়েছিলেন ট্রাম্প। অন্যদিকে আল-সাইয়েদও ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, তার নাম কিংবা ধর্মীয় পরিচয় নয়, বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামই সাধারণ মানুষের প্রধান উদ্বেগের বিষয়।

 

তবে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দুই পক্ষের অবস্থানে কিছুটা নমনীয়তা ও বাস্তববাদিতার ছাপ দেখা যাচ্ছে। আল-সাইয়েদ এর আগেই জানিয়েছিলেন, সিনেটে নিজের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করতে পারেন-এমন যেকোনো ব্যক্তির সঙ্গে, দলমত নির্বিশেষে, বৈঠকে বসতে তিনি প্রস্তুত।

 

এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তিনি মিশিগান থেকে নির্বাচিত সিনেটর। দেশের স্বার্থে যেকোনো ব্যক্তির সঙ্গে বৈঠকে তার কোনো আপত্তি নেই।

 

এদিকে আল-সাইয়েদের বৈঠকের আগ্রহের কথা জানার পর গত সপ্তাহেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কার্যালয় থেকে তার সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। নির্বাচনি প্রচারে তীব্র বিরোধিতা ও বাকযুদ্ধের পরও স্বাস্থ্যসেবা সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে হোয়াইট হাউস ও নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটরের সম্ভাব্য এই সংলাপ মার্কিন রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। উভয় পক্ষের এই যোগাযোগ ও সম্ভাব্য সমঝোতার উদ্যোগ আগামী দিনে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যনীতি ও আইনসভা কার্যক্রমে কী ধরনের প্রভাব ফেলে, তা এখন পর্যবেক্ষকদের নজরে রয়েছে।

 

- আনাদোলু এজেন্সি