রবিবার, জুন ৭, ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব - নাইমুরের নেতৃত্বে কুবির রোটার‍্যাক্ট ক্লাব

মোঃ ইহসানুল হক সাকিব

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ০৫:৩৭ পিএম

সাকিব - নাইমুরের নেতৃত্বে কুবির রোটার‍্যাক্ট ক্লাব
ছবি : নিজস্ব প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোটারেক্ট ক্লাবের ২০২৬-২৭ সেশনের আংশিক নির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে একইবর্ষের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী মো. নাঈমুর রহমান।

 

শনিবার (৬ জুন) নির্বাচন কমিশনের প্রধান কমিশনার রোটারেক্ট (পিপি) মো. মাসুম বিল্লাহ এবং কমিশনের সদস্য রোটারেক্ট (পিপি) মো. আবিদুর রহমান ও রোটারেক্ট (পিপি) শেখ শাকিল আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

নির্বাচিত সাধারণ সম্পাদক নাঈমুর রহমান বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি ক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এটিকে শুধুমাত্র একটি পদ হিসেবে নয়, বরং একটি বড় দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক হিসেবে দেখছি।”

 

তিনি আরও বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রধান লক্ষ্য হবে ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্লাবের সকল উদ্যোগকে সবার কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া।”

 

সভাপতি নাজমুস সাকিব বলেন, “রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সামাজিক সেবা এবং নেতৃত্বগুণের বিকাশে কাজ করে আসছে।”

 

তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা পেলে এই রোটা বর্ষে আমরা সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলতে সক্ষম হব।

 

পাশাপাশি অতীতের সকল সাফল্যকে অতিক্রম করে নতুন মানদণ্ড স্থাপন করতে পারব, ইনশাআল্লাহ।” উল্লেখ্য, এই নির্বাহী কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবে।