বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাককানইবিতে "UCB Career Connect" ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৯ পিএম

জাককানইবিতে "UCB Career Connect" ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
ছবি : নিজস্ব প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও করপোরেট জগতে প্রবেশের প্রস্তুতি নিয়ে "UCB Career Connect" শীর্ষক একটি ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) পিএলসির উদ্যোগে এবং জাককানইবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (JKKNIU-SDC) ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের নবযুগ অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা; ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার; পরিবহন প্রশাসক আহমেদ শাকিল হাশমি; ছাত্র পরামর্শ ও দিকনির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম; সহকারী প্রক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম জনি; ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম এবং সহকারী অধ্যাপক কাজী সাইফুর রহমান।

 

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) পিএলসির হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট ডিভিশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট তাহসিন জালিল চৌধুরী।

 

তিনি করপোরেট জগতের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ক্যারিয়ার গড়ার কৌশল, প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ, ক্যারিয়ার পরিকল্পনা ও চাকরির প্রস্তুতি বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।


এ সময় তিনি বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতে যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং পেশাদার মনোভাবের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি একাডেমিক শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বর্তমান কর্মক্ষেত্রে সফল হতে একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ ও পেশাগত সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি শিক্ষার্থীদের সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান এবং ক্যারিয়ার পরিকল্পনার ক্ষেত্রে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় পেশাগত দক্ষতা অর্জন এবং কর্মজীবনের জন্য আগাম প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা ক্যারিয়ার পরিকল্পনা, ব্যাংকিং খাতে চাকরির প্রস্তুতি এবং করপোরেট কর্মপরিবেশ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ স্ন্যাক্স ও গুডিস ব্যাগেরও ব্যবস্থা করা হয়।