ট্রাম্প বলেন, "প্রেসিডেন্ট শি-এর সাথে আমাদের অনেক কিছু নিয়ে কথা বলার আছে, এবং তারও আমাদের সাথে অনেক কথা বলার আছে। আমি মনে করি এটি একটি ভালো বৈঠক হবে।" তিনি আরও বলেন, "আমরা তাদের (পণ্যের) ওপর ১৫৭% শুল্ক আরোপ করেছি। আমি মনে করি না এটা তাদের জন্য টেকসই, এবং তারা এটা কমাতে চায়।" ট্রাম্প যোগ করেন যে, যুক্তরাষ্ট্রও এই আলোচনায় নির্দিষ্ট কিছু ছাড় আশা করছে।
ট্রাম্প আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের অংশ হিসেবে, ট্রাম্প রবিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠকে বসবেন এবং যুক্তরাষ্ট্র-আসিয়ান নেতাদের একটি কার্যনির্বাহী নৈশভোজে অংশ নেবেন। এরপর তিনি টোকিও সফর করবেন ও জাপানের নতুন প্রধানমন্ত্রী সানাই তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করবেন।
পরবর্তীতে, মার্কিন প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে যাবেন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং-এর সাথে বৈঠকের পর অ্যাপেক সিইও (প্রধান নির্বাহী) মধ্যাহ্নভোজে বক্তব্য রাখবেন এবং যুক্তরাষ্ট্র-অ্যাপেক নেতাদের কার্যনির্বাহী নৈশভোজে যোগ দেবেন।