শনিবার, জুলাই ১৮, ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধার করা ৫৬ টাকায় আবেদন, পঞ্চগড়ে স্বচ্ছ নিয়োগে ভাগ্য ফিরল আবু তাহেরের!

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৯ এএম

ধার করা ৫৬ টাকায় আবেদন, পঞ্চগড়ে স্বচ্ছ নিয়োগে ভাগ্য ফিরল আবু তাহেরের!
ছবি: সংগৃহীত

চাকরির আবেদনের জন্য মাত্র ৫৬ টাকা ধার করতে হয়েছিল তাঁকে। সেই আবু তাহেরই এখন সরকারি চাকরিজীবী। সম্প্রতি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে ‘অফিস সহায়ক’ পদে চাকরি পেয়েছেন তিনি। কোনো তদবির বা ঘুষ ছাড়াই, শুধু যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এটি এক অনন্য নজির স্থাপন করেছে।

 

আবু তাহেরের জীবন সংগ্রামের গল্পটা সিনেমার মতোই। ছোটবেলা থেকেই চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে, মানুষের বাড়িতে কাজ করে এবং টিউশনি করে ইংরেজিতে অনার্স সম্পন্ন করেন তিনি। চাকরি পেয়ে আবেগাপ্লুত তাহের বলেন, "বিনা টাকায় আমার চাকরি হবে, এটা স্বপ্নেও ভাবিনি। আমার মতো গরিবের ছেলের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।"

 

শুধু আবু তাহের নন, তাঁর মতো আরও ৪৫ জন তরুণ-তরুণী নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছেন। তাঁদের অনেকেই পিতৃহীন এবং চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে গেছেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, "এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ ছিল না। আমরা মেধা এবং যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।" এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াটি এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অনেক হতদরিদ্র পরিবারের জন্য নতুন আশার আলো নিয়ে এসেছে।