বৃহস্পতিবার ঘোষিত এই ঐতিহাসিক রায় ইসরায়েলের বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন সরকারের জন্য এক গভীর সতর্কবার্তা বয়ে এনেছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি ও আইন বিশ্লেষকদের অনেকেই।
যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গা ইস্যুতে এই রায়ের পর কোনো রাষ্ট্রকে গণহত্যার অপরাধে দোষী সাব্যস্ত করার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের কাছে এখন আর কোনো একক ও অকাট্য প্রমাণের প্রয়োজন নেই।
আন্তর্জাতিক আইনের নীতি অনুযায়ী, একটি দেশের ঘটনা অন্য দেশের ক্ষেত্রে হুবহু প্রয়োগ করা যায় না এবং প্রতিটি মামলার বিচার তার নিজস্ব বাস্তবতা ও পরিস্থিতির ভিত্তিতেই হয়ে থাকে। তবে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে দায়ের করা মামলায় যে নতুন আইনি নজির স্থাপিত হয়েছে, তা নিশ্চিতভাবেই গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে।
বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে গাজায় পরিচালিত ইসরায়েলি অভিযানের বিচারিক প্রক্রিয়ায় এই রায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নেদারল্যান্ডসের হেগের শান্ত আদালত কক্ষে তিন ঘণ্টা ধরে আদালতের ১৯১ পৃষ্ঠার এই ঐতিহাসিক রায় পড়ে শোনানো হয়।
রায়ে অত্যন্ত সুনিপুণ ও যৌক্তিকভাবে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছিল এবং রায় পাঠের সময় বর্তমান গাজা পরিস্থিতির সঙ্গে এর অদ্ভুত মিলগুলো এড়িয়ে যাওয়া ছিল এক কথায় অসম্ভব। আন্তর্জাতিক আইনে অন্যান্য যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের তুলনায় গণহত্যা প্রমাণ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল বিষয় হলো গণহত্যার অভিপ্রায় স্পষ্টভাবে প্রতিষ্ঠা করা।
এই সুনির্দিষ্ট অভিপ্রায় প্রমাণিত না হলে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ বা জাতিগত নিধনযজ্ঞের মতো ভয়াবহ অপরাধ ঘটলেও তাকে আইনিভাবে গণহত্যা বলা যায় না। যতক্ষণ পর্যন্ত এটি প্রমাণিত না হয় যে, সহিংসতা পরিচালনাকারীরা কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার ইচ্ছাকৃত পরিকল্পনা করেছিল, ততক্ষণ পর্যন্ত গণহত্যার অভিযোগ টেকে না।
অন্যান্য অনেক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞের মতো ইসরায়েলের আইনজীবীরাও দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে, এই কঠোর শর্ত পূরণ করা অত্যন্ত কঠিন। অনেকেরই ধারণা ছিল, নাৎসি বাহিনীর চূড়ান্ত সমাধানের মতো কোনো সুস্পষ্ট লিখিত দলিল ছাড়া গণহত্যার অপরাধ প্রমাণ করা প্রায় অসম্ভব।
পাশাপাশি অভিযুক্ত রাষ্ট্রের কর্মকাণ্ডের পেছনে গণহত্যার উদ্দেশ্য থাকাই যে একমাত্র যৌক্তিক ব্যাখ্যা, তাও প্রমাণিত হতে হবে। কিন্তু আন্তর্জাতিক বিচার আদালতের বৃহস্পতিবারের রায় দীর্ঘদিনের সেই প্রচলিত ধারণাকে কার্যত বড় ধরনের ধাক্কা দিয়েছে।
রায় ঘোষণার সময় বিচারক ইউজি ইয়াসাসাওয়া স্পষ্টভাবে জানান, মিয়ানমারের বিরুদ্ধে এই মামলায় কোনো একক অকাট্য প্রমাণ ছিল না, তবে প্রচুর পরিমাণে পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ ছিল। সেই পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই নয় বনাম ছয় ভোটের সংখ্যাগরিষ্ঠতায় আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, মিয়ানমারের সামরিক জান্তার কর্মকাণ্ডের পেছনে গণহত্যা ব্যতীত অন্য কোনো ব্যাখ্যা থাকা সম্ভব নয়।
২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের লক্ষ্য করে শুরু হওয়া মিয়ানমারের সামরিক অভিযানে কমপক্ষে দশ হাজার রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু নিহত হয় এবং সাত লাখেরও বেশি মানুষ নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত হয়।
বিশ্ব আদালত মনে করে, সেই সামরিক অভিযানকে কোনোভাবেই রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত বিদ্রোহ-দমন অভিযান হিসেবে ব্যাখ্যা করা যায় না, যেমনটা মিয়ানমারের সরকার ও সেনাবাহিনী বরাবরই দাবি করে আসছে।
রায় পড়ার সময় বিচারক ইউজি ইয়াসাসাওয়া বলেন, দীর্ঘকাল ধরে অধিকার থেকে বঞ্চিত রাখা, বিদ্বেষপূর্ণ বক্তব্য, নির্বিচারে হত্যা ও ধর্ষণ, শিশুদের লক্ষ্যবস্তু করা, ভারী যন্ত্রপাতি দিয়ে গ্রাম গুঁড়িয়ে দেওয়া, বিপুল সংখ্যক মানুষকে বাস্তুচ্যুত করা এবং অন্যদের দুর্গম শরণার্থী শিবিরে বন্দি করে রাখার মতো ঘটনাগুলো কেবল একটিই যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে।
আর তা হলো, জান্তার মধ্যে গণহত্যার অভিপ্রায় ছিল এবং শেষ পর্যন্ত তারা গণহত্যাই চালিয়েছে, যা বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধ। রোহিঙ্গা মামলার মাধ্যমে যে আইনি নজির স্থাপিত হয়েছে, তা কেবল অভিপ্রায় প্রমাণের ক্ষেত্রে পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়।
বরং এই রায় এটিও প্রতিষ্ঠিত করেছে যে, আত্মরক্ষামূলক বিদ্রোহ-দমন অভিযানের পাশাপাশি গণহত্যার অভিপ্রায়ও একই সঙ্গে বিদ্যমান থাকতে পারে। বিচারকেরা কোনো ফৌজদারি অপরাধের পূর্ববর্তী রায়ের জন্য অপেক্ষা না করে সরাসরি জাতিসংঘের তদন্তকারী সংস্থাগুলোর সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ ব্যবহার করেছেন।
এছাড়া এই রায়ের মাধ্যমে এটিও স্বীকৃত হয়েছে যে, কোনো তৃতীয় পক্ষ-এই ক্ষেত্রে গাম্বিয়া-যারা সরাসরি সংঘাতের সঙ্গে জড়িত নয়, তারাও আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করার পূর্ণ অধিকার রাখে।
উল্লেখ্য, গাজাসহ অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর বিশ্ব আদালতে যে মামলা দায়ের করা হয়েছে, সেটির বাদী দক্ষিণ আফ্রিকা। গাম্বিয়ার মতো দক্ষিণ আফ্রিকাও এই সংঘাতের সঙ্গে সরাসরি জড়িত নয়, বরং একটি তৃতীয় পক্ষ।
যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের আইন বিষয়ের অধ্যাপক নিমার সুলতানি, যিনি একসময় ফিলিস্তিনে মানবাধিকার বিষয়ক আইন নিয়ে কাজ করেছেন, এই রায়ের গভীর তাৎপর্য তুলে ধরেছেন।
তিনি বলেন, মিয়ানমারের ক্ষেত্রে আদালত যেভাবে তথ্যের ওপর আইন প্রয়োগ করেছে, তা থেকে অত্যন্ত জোরালোভাবে ইঙ্গিত পাওয়া যায় যে, গাজায় ইসরায়েলের অপরাধের ব্যাপকতা বিবেচনায় নিলে ইসরায়েলের ক্ষেত্রেও আদালত একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারে।
অধ্যাপক সুলতানি আরও উল্লেখ করেন, গণহত্যার অভিপ্রায় নিয়ে আলোচনার সময় আদালত ১৯৭৮ সাল থেকে শুরু হওয়া মিয়ানমার সামরিক বাহিনীর পূর্ববর্তী অভিযানগুলোর কথা উল্লেখ করেছে, যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এটি সবারই জানা যে, ২০০০ সাল থেকে ইসরায়েল বেশ কয়েকবার গাজায় সামরিক হামলা চালিয়েছে।
এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই রায় নতুন অস্বস্তি তৈরি করেছে। সাম্প্রতিক সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকার বর্তমানে কেবল তত্ত্বাবধায়ক ভূমিকা পালন করছে।
যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ইতোমধ্যেই হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তালিকায় রয়েছেন। তবে আন্তর্জাতিক বিচার আদালত যদি ইসরায়েল বা নেতানিয়াহুকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে, তাহলে তা নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান গাদি আইজেনকোটের জন্যও খুব একটা স্বস্তিদায়ক হবে না বলেই মনে করা হচ্ছে।
বর্তমানে সরকার গঠনের চেষ্টায় থাকা আইজেনকোট গাজা যুদ্ধের প্রথম বছর, অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য ছিলেন। সেই সময়কালেই ইসরায়েলে বিদ্বেষপূর্ণ বক্তব্যের হার ছিল সর্বোচ্চ এবং গাজায় প্রতিদিন মৃত্যুর সংখ্যাও ছিল সবচেয়ে বেশি।
বৃহস্পতিবারের এই রায়ের পর ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের কিছু অংশ ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে।
কারণ কোনো দেশের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে কি না, তা নির্ধারণের জন্য প্রয়োজনীয় প্রমাণের মানদণ্ডকে এই রায় কমিয়ে দিয়েছে। বিশ্লেষণে আরও মন্তব্য করা হয় যে, আক্রান্ত গোষ্ঠীর কিছু অংশ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েও থাকে, তবুও অপর পক্ষের পাল্টা আক্রমণ গণহত্যার শামিল হতে পারে।