শনিবার, জুলাই ১৮, ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বাঁধ ভেঙে ৫০ গ্রাম প্লাবিত, ৭০০ কোটি টাকার ক্ষতির মুখে কৃষক-মৎস্যচাষিরা!

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৭ এএম

সাতক্ষীরায় বাঁধ ভেঙে ৫০ গ্রাম প্লাবিত, ৭০০ কোটি টাকার ক্ষতির মুখে কৃষক-মৎস্যচাষিরা!
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও বেতনা নদীর রিং বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উপকূলীয় জেলা সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা। এতে জেলার মৎস্য ও কৃষি খাতে প্রায় ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। পানিতে ভেসে গেছে হাজার হাজার মাছের ঘের এবং ডুবে গেছে ফসলের মাঠ।

 

জেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে, সদর উপজেলার বিনেরপোতায় বেতনা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্রায় ছয় হাজার মৎস্য ঘের ও দেড় হাজার পুকুর ভেসে গেছে। এতে মৎস্যচাষিদের ৬০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে। এই বিপর্যয়ে প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

 

তালা উপজেলার এক ঘের ব্যবসায়ী জানান, তাঁর ৩১০ বিঘা জমির মাছ ভেসে গিয়ে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় জানিয়েছে, এবারের বর্ষণে ৯ কোটি টাকারও বেশি টাকার আমন ধান ও শাকসবজি নষ্ট হয়েছে। এক কৃষক জানান, তাঁর আট বিঘা জমির ছয় বিঘা ধানই এখন পানির নিচে পচছে।

 

ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যচাষিরা এখন। এই বিশাল ক্ষতি পুষিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের কাছে সহজ শর্তে ঋণ অথবা প্রণোদনার দাবি জানিয়েছেন তাঁরা। জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কাজ করা হচ্ছে।