শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘সেনা হটাও, ডিসি বাঁচাও’, ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ!

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৪ পিএম

‘সেনা হটাও, ডিসি বাঁচাও’, ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ!
ছবি: AA

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক রাজধানী ওয়াশিংটন ডিসির পুলিশকে ফেডারেল নিয়ন্ত্রণে নেওয়া এবং ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। শনিবার (৬ সেপ্টেম্বর) ‘উই আর অল ডিসি’ নামের এই বিক্ষোভে "সেনা হটাও, ডিসি বাঁচাও" এবং "ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে" স্লোগানে মুখরিত ছিল রাজপথ।

 

বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন এবং শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে আয়োজিত এই মিছিলে বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের কাছে ফ্রিডম প্লাজা পর্যন্ত পদযাত্রা করেন। বক্তারা বলেন, ওয়াশিংটনের ‘স্টেটহুড’ বা পূর্ণ রাজ্যের মর্যাদা না থাকায়, শহরটি ফেডারেল সরকারের একতরফা সিদ্ধান্তের কাছে অসহায় হয়ে পড়েছে।

 

গত ১১ আগস্ট ট্রাম্প শহরে ‘অপরাধজনিত জরুরি অবস্থা’ ঘোষণা করে ২,০০০-এর বেশি সেনা মোতায়েন করেন। প্রশাসনের দাবি, এই অভিযানে অপরাধ কমেছে। তবে, শহরের কর্মকর্তারা তথ্য দিয়ে বলছেন, সেনা মোতায়েনের আগে থেকেই ওয়াশিংটনে অপরাধের হার কমতির দিকে ছিল।

 

ট্রাম্প শিকাগোর মতো অন্যান্য ডেমোক্র্যাট-শাসিত শহরেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ায়, এই বিক্ষোভকে দেশজুড়ে ফেডারেল ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।

 

- AA News