শনিবার, জুলাই ২৫, ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তিনির্ভর চিন্তার বিকাশে কুবিতে বিতর্ক কর্মশালা

মোঃ ইহসানুল হক সাকিব

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ০২:৫৪ পিএম

যুক্তিনির্ভর চিন্তার বিকাশে কুবিতে বিতর্ক কর্মশালা
ছবি : নিজস্ব প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্কচর্চায় উৎসাহিত করা এবং যুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকাশ ঘটাতে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)-এর উদ্যোগে ‘নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের পাশাপাশি বিতর্কে আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)-এর সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আবদুর রহমান আস সাদী।

 

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি শাকিল আহমেদ সবুজ।

 

প্রশিক্ষকরা তাদের আলোচনায় বিতর্কের মৌলিক ধারণা, বিভিন্ন ধরনের বিতর্ক, যুক্তি উপস্থাপনের কৌশল, বক্তব্য প্রদান, মঞ্চে আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কার্যকর যোগাযোগ দক্ষতা বিষয়ে আলোচনা করেন।

 

সভাপতি মো. আবদুর রহমান আস সাদী বলেন, “আমরা কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় জীবন শুধু একটি ডিগ্রি অর্জনের পথ নয়; এটি একজন সচেতন, চিন্তাশীল ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার যাত্রা।

 

‘নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬’-এর মাধ্যমে আমরা চাই, আজ যারা আমাদের পরিবারে যুক্ত হলো, তারা যেন কেবল দক্ষ শিক্ষার্থী নয়, বরং যুক্তিবাদী, মানবিক, মুক্তচিন্তার অধিকারী এবং প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।”

 

তিনি আরও বলেন, “বিতর্ক আমাদের শেখায় প্রশ্ন করতে, ভিন্নমতকে সম্মান করতে, যুক্তির আলোকে সত্য অনুসন্ধান করতে এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে। আমরা বিশ্বাস করি, আজকের এই নবীনরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। আর সেই নেতৃত্বের ভিত্তি হবে জ্ঞান, যুক্তি, মূল্যবোধ ও মানবিকতা। এই যাত্রায় কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সবসময় তাদের পাশে থাকবে।”