গত বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার গুরুত্ব অপরিসীম। জ্ঞান অর্জনের পাশাপাশি নতুন জ্ঞান সৃষ্টির জন্য শিক্ষার্থীদের গবেষণামুখী মানসিকতা গড়ে তুলতে হবে। গবেষণা শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
একই সঙ্গে গবেষণার পদ্ধতি ও নৈতিকতা সম্পর্কে শিক্ষার্থীদের সুস্পষ্ট ধারণা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। উপাচার্য আরও বলেন, গবেষণা শুধু একাডেমিক সাফল্য অর্জনের মাধ্যম নয়; বরং সমাজ ও দেশের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান খুঁজে বের করার অন্যতম উপায়। তিনি শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী হওয়ার পাশাপাশি গবেষণায় সততা, বস্তুনিষ্ঠতা ও একাডেমিক নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সহযোগী অধ্যাপক ড. আবদুল আলীম বাসের, BURHES-এর উপদেষ্টা ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার, ব্যবস্থাপনা স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক এবং BURHES-এর উপদেষ্টা ড. মোঃ শাখাওয়াত হোসেন, ব্যবস্থাপনা স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আলমগীর মোল্লা এবং একই বিভাগের প্রভাষক ও BURHES-এর উপদেষ্টা ড. গাজী মোঃ শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BURHES-এর প্রেসিডেন্ট নুসরাত জাহান শর্ণা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ চার মাসের গবেষণা কোর্সে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, সক্রিয় অংশগ্রহণ ও গবেষণার প্রতি আগ্রহ তাদের অনুপ্রাণিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ ও আন্তর্জাতিক অবস্থান সুদৃঢ় করতে গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, কোর্সটি সফলভাবে সম্পন্ন করতে উপদেষ্টা ও শিক্ষকবৃন্দের সহযোগিতা ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ছিল।
বিশেষ করে সমাপনী ক্লাসে উপাচার্যের অংশগ্রহণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা আরও বাড়িয়েছে। এই সার্টিফিকেটের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণা-যাত্রা শেষ না হয়ে বাস্তব গবেষণার নতুন অধ্যায়ের সূচনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চার মাসব্যাপী এ কোর্সে শিক্ষার্থীদের গবেষণার মৌলিক ধারণা থেকে শুরু করে গবেষণার বিভিন্ন ধাপ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে গবেষণার বিষয় নির্বাচন, গবেষণা সমস্যা ও প্রশ্ন নির্ধারণ, গবেষণার উদ্দেশ্য প্রণয়ন, সাহিত্য পর্যালোচনা, গবেষণা পদ্ধতি নির্বাচন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণার নৈতিকতা ও সততা বিষয়ে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে গবেষণাভিত্তিক চিন্তাভাবনা ও একাডেমিক দক্ষতা বিকাশে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ। গবেষণার প্রাথমিক ধারণা থেকে একটি পূর্ণাঙ্গ গবেষণা সম্পাদনের বিভিন্ন ধাপ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও গবেষণামূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্বে কোর্সে সফলভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তুলে দেওয়া হয়। চার মাসব্যাপী গবেষণাভিত্তিক এ কার্যক্রমের সমাপ্তিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে BURHES-এর সদস্য, কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থী, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।