বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তোমাকে দেখলে বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’- নারী শিক্ষার্থীকে  হাবিপ্রবি শিক্ষক।

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:৫১ পিএম

তোমাকে দেখলে বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’- নারী শিক্ষার্থীকে  হাবিপ্রবি শিক্ষক।
ছবি : নিজস্ব প্রতিনিধি

‎দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার সরকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া, ব্যক্তিগতভাবে হেনস্তা এবং পরবর্তীতে একাডেমিক ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
 ‎গত মঙ্গলবার (১৭ নভেম্বর) জমা দেওয়া লিখিত অভিযোগে শিক্ষার্থী উল্লেখ করেন, ২০২৫ সালের ২৩ জুলাই দিবাগত রাত ১টা ৫১ মিনিটে ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. দীপক কুমার সরকার তাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান।

 

পরদিন সকাল সাড়ে ১০টায় এক বান্ধবীসহ তাকে নিজ চেম্বারে দেখা করতে বলেন ওই শিক্ষক। ‎অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ে বান্ধবীসহ শিক্ষার্থী চেম্বারে গেলে কিছুক্ষণ পর ব্যক্তিগত কথা বলার কথা জানিয়ে তার বান্ধবীকে বাইরে অপেক্ষা করতে বলেন শিক্ষক।

 

এরপর শিক্ষার্থীকে প্রশ্ন করেন, ‘তুমি পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসো?’ উত্তরে শিক্ষার্থী তার বাবার কথা উল্লেখ করলে শিক্ষক তাকে বাবার দিব্যি দিয়ে কথোপকথনের বিষয়টি গোপন রাখতে বলেন।

 

‎লিখিত অভিযোগে শিক্ষার্থী আরও উল্লেখ করেন, এ সময় শিক্ষক তাকে বলেন, ‘আমার জীবনে প্রথম যে প্রেমিকা ছিল, তুমি দেখতে ঠিক সেই মেয়েটার মতো। যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়।’

 

একই সঙ্গে বিকেলে তাকে নিয়ে দিনাজপুরের বিরলে চা খেতে যাওয়া ও ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী। ‎অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে শিক্ষক তার হাত ধরে হ্যান্ডশেক করেন এবং বলেন, ‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত।’

 

এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরবর্তীতে তিনি বিষয়টি পরিবারকে জানান এবং অভিযুক্ত শিক্ষকের স্ত্রীকেও অবহিত করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন। শিক্ষার্থীর দাবি, তার কাছ থেকে ঘটনা শোনার পর অভিযুক্ত শিক্ষকের স্ত্রীও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

 

‎অভিযোগপত্রে শিক্ষার্থী আরও দাবি করেন, পরবর্তীতে ২০২৬ সালের ১৭ জানুয়ারি তার ভাইভা অনুষ্ঠিত হওয়ার আগে ক্লাসের শ্রেণি প্রতিনিধি (সিআর)-এর মাধ্যমে তাকে আবারও শিক্ষকের চেম্বারে ডেকে পাঠানো হয়। সেখানে পূর্বের ঘটনা পরিবার ও শিক্ষকের স্ত্রীকে জানানোর প্রসঙ্গ তুলে শিক্ষক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

 

এ সময় টেবিল চাপড়ে উচ্চস্বরে কথা বলা এবং তার বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়ার অভিযোগ করেন ওই শিক্ষার্থী। ‎এ ছাড়া তার দুটি কোর্সের প্রশ্ন প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব শিক্ষকের হাতে থাকায় একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত করার আশঙ্কা তৈরি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, এসব ঘটনার পর তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এর ফলে দীর্ঘদিন নিয়মিত ক্লাস করতে পারেননি। পরবর্তীতে বিভিন্নভাবে হেনস্তার শিকার হওয়ার পাশাপাশি পরীক্ষার ফলাফলও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

‎এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপক ড. দীপক কুমার সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘এই বিষয়ে আমি অবগত না। আর এমন তো হওয়ার কথা না, এমন কিছু তো আমি করিনি।’

 

‎অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি, কিছুক্ষণ পর কথা বলি।’ পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা পরবর্তী পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।